২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দেশে ফিরেছেন রাষ্ট্রপতি

চোখের চিকিৎসা ও স্বাস্থ্য পরীক্ষার জন্য দশ দিনের যুক্তরাজ্য সফর শেষে দেশে ফিরেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Mar 2016, 12:06 PM

Updated : 12 Apr 2022, 01:36 AM

বৃহস্পতিবার সকাল ১১টা ১০ মিনিটে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে রাষ্ট্রপতি ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, পররাষ্ট্র মন্ত্রী এ এইচ মাহমুদ আলী বিমানবন্দরে রাষ্ট্রপতিকে স্বাগত জানান।

ঢাকায় যুক্তরাজ্যের হাই কমিশনার এলিসন ব্লেইক, ডিপ্লোম্যাটিক কোরের ডিন মাহমুদ ইজ্জত, তিন বাহিনীর প্রধানসহ উচ্চপদস্থ বেসামরিক-সামরিক কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।

চিকিৎসার জন্য রাষ্ট্রপতি গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাজ্যে গিয়েছিলেন।

এর আগে গত বছরের অগাস্টে চিকিৎসার জন্য লন্ডন যান আবদুল হামিদ। লন্ডনের মুরফিল্ড আই হসপিটালে চোখের চিকিৎসা এবং বুপা ক্রমওয়েল হসপিটালে স্বাস্থ্য পরীক্ষা করান।

৭৩ বছর বয়সী আবদুল হামিদ দীর্ঘদিন ধরে চোখের গ্লুকোমার সমস্যায় ভুগছেন। স্পিকার থাকা অবস্থায় চিকিৎসার জন্য নিয়মিত সিঙ্গাপুরে যেতেন তিনি।