২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গৃহকর্মীর মৃত্যু: ময়নাতদন্তের অপেক্ষায় পুলিশ

রাজধানীতে যুগ্মসচিবের বাড়ির ছাদ থেকে ফেলে কিশোরী গৃহকর্মীকে হত্যার অভিযোগ তদন্তে ময়নাতদন্ত প্রতিবেদনের অপেক্ষায় থাকার কথা জানিয়েছে কাফরুল থানা পুলিশ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Mar 2016, 12:02 AM

Updated : 20 Aug 2022, 12:06 PM

অন্যদিকে নিহতের পরিবারের দাবি, জড়িতদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে না পুলিশ।

রোববার কাফরুলের ন্যাম গার্ডেন অফিসার্স কোয়ার্টার্স এলাকার তিন নম্বর ভবনের নিচে ১৫ বছরের কিশোরী জনিয়ার লাশ পাওয়া যায়।

অসুস্থ মায়ের পরিবর্তে ন্যামভবনের ওই যুগ্ম সচিবের সরকারি বাসায় কাজ করতে যাওয়া ওই কিশোরী গৃহকর্তার ছেলে দ্বারা ধর্ষিত হওয়ার পর তাকে ছাদ থেকে ফেলে হত্যা করা হয় বলে তার বাবা ওসমান গনির অভিযোগ।

ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টার অভিযোগ তুলে দোষীদের শাস্তি দাবিতে সোমবার সকালে কাজীপাড়ায় এলাকাবাসীর বিক্ষোভে ঘণ্টাখানেক বন্ধ থাকে রোকেয়া সরণিতে গাড়ি চলাচল।

এই অভিযোগ প্রত্যাখ্যান করে পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, ওই কিশোরীর বাবার অপমৃত্যুর মামলাটির তদন্ত করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

যুগ্মসচিব আহসান হাসিব তার পরিবারের বিরুদ্ধে অভিযোগ অস্বীকার করে বলেছেন, ওই কিশোরী সেদিন তার বাড়িতে কাজই করেনি।

এই ঘটনায় দায়ের করা অপমৃত্যুর মামলার তদন্ত কর্মকর্তা কাফরুল থানার এসআই মো.কামরুজ্জামান বুধবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মুত্যুর কারণ জানতে ময়না তদন্তের প্রতিবেদনের অপেক্ষায় থাকতে হচ্ছে।”

আর প্রতিবেদনেই জানা যাবে কিশোরী ধর্ষিত হয়েছিল কিনা, এরপরেই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেন কামরুজ্জামান।

তবে কবে ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়া যাবে এ ব্যাপারে নিশ্চিত করে কিছু জানাতে পারেননি পুলিশ কর্মকর্তা।

ময়নাতদন্ত প্রতিবেদন প্রতিবেদন প্রস্তুতকারী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগের প্রভাষক প্রদীপ বিশ্বাস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আগামী সপ্তাহে পুলিশের হাতে ময়নাতদন্তের পূর্ণাঙ্গ প্রতিবেদন পাঠানো হবে।”

নিহতের বাবা ওসমান গনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সোমবার মেয়ের মিলাদের জন্য কাফরুল থানার ওসি পাঁচ হাজার টাকা দিয়েছিল। বিষয়টি খারাপ লাগায় মেয়েকে দাফনের পর ওই টাকা ফিরিয়ে দিয়েছি।”

ওই যুগ্ম সচিব ও তার পরিবারের সদস্যরা তার মেয়েকে হত্যা করেছে দাবি করে এলেও পুলিশ কোনো ব্যবস্থা নিচ্ছে না বলেও অভিযোগ করেন তিনি।

কাফরুল থানার এসআই মো. কামরুজ্জামান বলেন, “যুগ্ম সচিব, তার স্ত্রী ও ছেলেকে একাধিকবার ওই কিশোরীর মৃত্যুর বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।”

মেয়েটির স্বাস্থ্য পরীক্ষার প্রতিবেদন হাতে পেলে তদন্ত একটা দিকে এগিয়ে নেওয়া সম্ভব হবে জানিয়ে তিনি বলেন, “পুলিশ তো চায় দ্রুত প্রতিবেদন হাতে পেতে। চিকিৎসকরা চাইলেই কেবল দ্রুত স্বাস্থ্য পরীক্ষার প্রতিবেদন দিতে পারেন।”

পুরনো খবর:

যুগ্মসচিবের বাড়িতে কাজে যাওয়া কিশোরীকে খুন-ধর্ষণের অভিযোগ
ধর্ষণের পর হত্যার অভিযোগ কাফরুলের সেই কিশোরীর বাবার