২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ধর্ষণের পর হত্যার অভিযোগ কাফরুলের সেই কিশোরীর বাবার

মায়ের বদলে গৃহকর্মী হিসেবে কাজে যাওয়া এক কিশোরীকে ধর্ষণের পর ছাদ থেকে ফেলে হত্যার অভিযোগে তার লাশ নিয়ে মিরপুরে বিক্ষোভ করেছেন স্থানীয়রা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Mar 2016, 01:04 PM

Updated : 11 Oct 2022, 07:53 PM

ওই কিশোরীর বাবার অভিযোগ, তার মেয়ে যে যুগ্ম সচিবের বাসায় কাজে গিয়েছিলেন, তার ছেলেই ধর্ষণের পর মেয়েটিকে ছাদ থেকে ফেলে হত্যা করেছে।

জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের পরিচালক যুগ্ম সচিব আহসান হাবিব, তার ছেলে রুম্মান বিন আহসান ও মা নাজনীন আক্তারের বিরুদ্ধে এ বিষয়ে কাফরুল থানায় অভিযোগও করেছেন তিনি।

মেয়েটির স্বজন ও এলাকাবাসীর বিক্ষোভের কারণে সোমবার সকাল সাড়ে ১০টা থেকে প্রায় এক ঘণ্টা রোকেয়া সরণী হয়ে ফার্মগেইট-মিরপুর ১০ নম্বর সার্কেলের পথে যান চলাচল বন্ধ থাকে। পরে কাফরুল থানার সামনেও বিকাল ৩টা পর্যন্ত বিক্ষোভ চলে।

রোববার কাফরুলের ন্যাম গার্ডেন অফিসার্স কোয়ার্টার্স এলাকার তিন নম্বর ভবনের নিচে জনিয়া বেগম নামে ১৫ বছর বয়সী ওই গৃহকর্মীর লাশ পাওয়া যায়।

ওই ভবনেরই চতুর্থ তলায় (৪০৩ বি) যুগ্ম সচিব আহসান হাবিবের বাসা। মা ফুলবানু অসুস্থ থাকায় তার বদলে জনিয়া ওই বাসায় কাজে গিয়েছিল।

ময়নাতদন্তের পর জনিয়ার লাশ সোমবার পরিবারের কাছে হস্তান্তর করা হলে স্থানীয়রা ওই যুগ্ম সচিব ও তার ছেলেকে গ্রেপ্তারের দাবিতে কাজীপাড়া বাসস্ট্যান্ডে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন।

পরে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়ে ‘বুঝিয়ে তাদের রাস্তা থেকে সরিয়ে দেওয়া হয়’ বলে পল্লবী পুলিশের সহকারী কমিশনার মো. জাকির হোসেন জানান।

কাজীপাড়া এলাকার বাসিন্দা খালেকুজ্জামান তারা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমে বলেন, “সকাল ১০টা থেকে আমরা শান্তিপূর্ণ বিক্ষোভ করছিলাম। পুলিশ আমাদের সরিয়ে দিয়েছে।”

কাজীপাড়া থেকে সরে গেলেও বিক্ষোভকারীরা পরে কাফরুল থানার সামনে অবস্থান নেন। বেলা ৩টা পর্যন্ত সেখানে তাদের স্লোগান দিতে দেখা যায়। পরে তারা পুলিশের আশ্বাস পেয়ে সরে যান।

জনিয়ার বাবা ওসমান গণি রোববার রাতে কাফরুল থানায় অভিযোগ জানাতে গেলে একটি অপমৃত্যু মামলা নথিভুক্ত করা হয়। সোমবার দুপুরের পর তিনি আবারও থানায় গিয়ে ধর্ষণ ও হত্যার অভিযোগ যুক্ত করে যুগ্ম সচিব ও তার স্ত্রী-ছেলের বিরুদ্ধে একটি সম্পূরক অভিযোগ দেন। 

ওসমান গণি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমার মেয়েকে ধর্ষণ করে হত্যা করা হয়েছে। তার লাশ যখন আমরা উদ্ধার করি, তখন তার মুখে ওড়না বাঁধা ছিল। কনুই আর শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন ছিল... আমি বাবা হয়ে মুখে বলতে পারছি না।”

পেশায় রিকশাচালক গণি জানান, আগের রাতে তিনি থানায় এসে ঘটনার বিবরণ মুখে বললে কর্তব্যরত পুলিশ কর্মকর্তা তা অভিযোগ আকারে লিপিবদ্ধ করেন।

ওসমান গনি জানান, মিরপুরের আশিদাগ এলাকায় তারা থাকেন। ছয় দিন ধরে ফুলবানু অসুস্থ থাকায় তার জায়গায় কাজ করতে এসেছিল মেয়ে জনিয়া।

“এই ঘটনায় ওই সচিবের ছেলে জড়িত। আমি তাদের গ্রেপ্তারের দাবি জানাই,” বলেন তিনি।

জনিয়ার লাশ উদ্ধারের পর সুরতহাল প্রতিবেদন তৈরি করেন কাফরুল থানার এস আই কামরুজ্জামান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “লাশটি যখন আমরা উদ্ধার করি তখন মুখে ওড়না পেঁচানো ছিল, ডান হাত ছিল ভাঙা। উঁচু কোনো স্থান থেকে পড়ে গেলে বা ফেলে দিলে শরীরে এ রকম জখম হয়।”

অভিযোগের বিষয়ে জানতে চাইলে ঢাকা মহানগর পুলিশের মিরপুর বিভাগের উপ কমিশনার মো. কাইয়ুমুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ময়নাতদন্ত হয়েছে। আমরা প্রতিবেদন পেলে সে অনুযায়ী ব্যবস্থা নেব।”

এর আগে দুপুরে কাফরুল থানার ওসি শামিম হোসেনের কক্ষে যুগ্ম সচিব আহসান হাবিব ও তার স্ত্রী, ছেলেকে কাইয়ুমুজ্জামানের সঙ্গে কথা বলতে দেখা যায়।

তাদের মধ্যে কী কথা হয়েছে সাংবাদিকরা তা জানতে চাইলে উপ কমিশনার বিষয়টি এড়িয়ে যান।

ঘটনার পর রোববারই ওই কিশোরীর বাবা থানায় একটি অপমৃত্যু মামলা করেন।

“ওই মামলাই বলবৎ আছে। তাতে তিনি বলেছেন, জনিয়াকে ধর্ষণের পর পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে তাদের ধারণা,” বলেন কাইয়ুমুজ্জামান।

পল্লবী পুলিশের সহকারী কমিশনার মো. জাকির হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এ ঘটনায় ওই ভবনের একজন কেয়ারটেকার ও তিনজন লিফটম্যানকে পুলিশ গ্রেপ্তার করেছে।

শেওড়াপাড়া কেন্দ্রীয় মসজিদ কবরস্থানে জনিয়াকে দাফন করা হবে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।

বিলসের উদ্বেগ

জনিয়া নিহতের ঘটনায় উদ্বেগ জানিয়েছে গৃহশ্রমিক অধিকার প্রতিষ্ঠা নেটওয়ার্ক।

নেটওয়ার্কের সমন্বয়কারী সৈয়দ সুলতান মাহমুদ সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচারের পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরিবারকে ক্ষতিপূরণ দেয়ার আহ্বান জানান।

‘গৃহকর্মী সুরক্ষা ও কল্যাণ নীতি ২০১৫’ বাস্তবায়নের দাবি জানিয়ে তিনি বলেন, সরকার ঘোষিত ওই নীতিমালা বাস্তবায়িত না হওয়ায় দেশে একের পর এক গৃহশ্রমিক হত্যা ও তাদের উপর নির্যাতনের ঘটনা ঘটছে।