যুগ্মসচিবের বাড়িতে কাজে যাওয়া কিশোরীকে খুন-ধর্ষণের অভিযোগ
রাজধানীর মিরপুরে এক যুগ্মসচিবের বাড়ির ছাদ থেকে ফেলে এক কিশোরী গৃহকর্মীকে হত্যার অভিযোগ উঠেছে।
জনিয়া বেগম নামে ১৫ বছরের ওই কিশোরী অসুস্থ মায়ের পরিবর্তে রোববার ওই বাসায় কাজ করতে গিয়ে গৃহকর্তার ছেলে দ্বারা ধর্ষণের পর হত্যাকাণ্ডের শিকার হন বলে তার বাবার অভিযোগ।
ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টার অভিযোগ তুলে দোষিদের শাস্তি দাবিতে সোমবার সকালে কাজীপাড়ায় এলাকাবাসীর বিক্ষোভে ঘণ্টাখানেক বন্ধ থাকে রোকেয়া সরণিতে গাড়ি চলাচল।
এই অভিযোগ প্রত্যাখ্যান করে পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, ওই কিশোরীর বাবার অপমৃত্যুর মামলাটির তদন্ত করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
যুগ্মসচিব আহসান হাসিব তার পরিবারের বিরুদ্ধে অভিযোগ অস্বীকার করে বলেছেন, ওই কিশোরী সেদিন তার বাড়িতে কাজই করেনি।
জনিয়া নিহতের ঘটনায় উদ্বেগ জানিয়েছে গৃহশ্রমিক অধিকার প্রতিষ্ঠা নেটওয়ার্ক। এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচারের পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার আহ্বান জানিয়েছে সংগঠনটি।
রোববার কাফরুলের ন্যাম গার্ডেন অফিসার্স কোয়ার্টার্স এলাকার তিন নম্বর ভবনের নিচে জনিয়ার লাশ পাওয়া যায়।
ওই ভবনেরই চতুর্থ তলায় (৪০৩ বি) যুগ্ম সচিব আহসান হাবিবের বাসা। জনিয়ার মা ফুলবানু সেখানে কাজ করেন। মা অসুস্থ থাকায় তার বদলে জনিয়া সেই বাসায় কাজ করতে গিয়েছিল বলে তার বাবা ওসমান গণি জানান।
লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুতকারী কাফরুল থানার এসআই কামরুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “লাশটি যখন আমরা উদ্ধার করি, তখন মুখে ওড়না পেঁচানো ছিল, ডান হাত ছিল ভাঙা।
“উঁচু কোনো স্থান থেকে পড়ে গেলে বা ফেলে দিলে শরীরে এ রকম জখম হয়,” বলেন এই পুলিশ কর্মকর্তা।
তবে কাফরুল থানার ওসি শিকদার মোহাম্মদ শামীম হোসেন রোববার লাশ উদ্ধারের পর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছিলেন, মেয়েটির শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি।
মেয়ের মৃত্যুর পর রিকশাচালক ওসমান গণি রোববার রাতে কাফরুল থানায় অভিযোগ নিয়ে গেলে একটি অপমৃত্যু মামলা নথিভুক্ত করা হয়।
সোমবার দুপুরের পর তিনি আবার থানায় গিয়ে ধর্ষণ ও হত্যার অভিযোগ যুক্ত করে যুগ্ম সচিব ও তার স্ত্রী-ছেলের বিরুদ্ধে একটি সম্পূরক অভিযোগ দেন।
ওসমান গণি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমার মেয়েকে ধর্ষণ করে হত্যা করা হয়েছে। তার লাশ যখন আমরা উদ্ধার করি, তখন তার মুখে ওড়না বাঁধা ছিল।
“কনুই আর শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন ছিল... আমি বাবা হয়ে মুখে বলতে পারছি না।”
মিরপুরের আশিদাগ এলাকায় থাকেন ওসমান পরিবার। তিনি বলেন, তার স্ত্রী ফুলবানু ছয় দিন ধরে অসুস্থ বলে তার বদলি হিসেবে আহসান হাবিবের কাজ করতে গিয়েছিল মেয়ে জনিয়া।
“এই ঘটনায় ওই সচিবের ছেলে জড়িত। আমি তাদের গ্রেপ্তারের দাবি জানাই,” বলেন ওসমান।
আহসান হাবিব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সেদিন ওই কিশোরী তার বাসায় কাজই করেনি।
“সকাল পৌনে ৮টার দিকে আমাদের বাসায় তার পরিবর্তে কাজ করানোর কথা বলে একজন বৃদ্ধ মহিলাকে নিয়ে এসেছিল। আমি নিষেধ করে দিয়েছিলাম। ওই সময় তার পেছনে ভবনের কেয়ারটেকার সিদ্দিক ছিল।”
জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের পরিচালকের দায়িত্বে থাকা এই সরকারি কর্মকর্তা বলেন, এর কয়েক মিনিট পর অফিসে যাওয়ার সময় লিফট থেকে নামার পরপরই ভবনের একজন কর্মকর্তা একটি মেয়ের ছাদ থেকে পড়ার কথা তাকে বলেন।
“মেয়েটি উপুড় হয়ে পড়েছিল বলে তার চেহারা দেখতে পারিনি,” বলেন তিনি।
ডিএমপির মিরপুর অঞ্চলের সহকারী কমিশনার মো. জাকির হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ওই ভবনের একজন কেয়ারটেকার ও তিনজন লিফটম্যানকে পুলিশ গ্রেপ্তার করেছে।
এলাকাবাসীর বিক্ষোভ
ময়নাতদন্তের পর জনিয়ার লাশ সোমবার সকালে পরিবারের কাছে হস্তান্তরের পর স্থানীয়রা ওই যুগ্ম সচিব ও তার ছেলেকে গ্রেপ্তারের দাবিতে কাজীপাড়া বাসস্ট্যান্ডে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন।
সকাল সাড়ে ১০টায় তারা সড়কে অবস্থান নিলে রোকেয়া সরণি হয়ে ফার্মগেইট-মিরপুর ১০ নম্বর পথে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়।
ঘণ্টা খানেক পর আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়ে ‘বুঝিয়ে তাদের রাস্তা থেকে সরিয়ে দেওয়া হয়’ বলে ডিএমপির পল্লবী অঞ্চলের সহকারী কমিশনার মো. জাকির হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান।
বিক্ষোভকারীদের একজন মো. খালেকুজ্জামান তারা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সকাল ১০টা থেকে আমরা শান্তিপূর্ণ বিক্ষোভ করছিলাম। পুলিশ আমাদের সরিয়ে দিয়েছে।”
কাজীপাড়া থেকে সরে গেলেও বিক্ষোভকারীরা পরে কাফরুল থানার সামনে অবস্থান নেন। বেলা ৩টা পর্যন্ত সেখানে তাদের স্লোগান দিতে দেখা যায়। পরে তারা পুলিশের আশ্বাস পেয়ে সরে যান।
পুলিশের বিরুদ্ধে অভিযোগ
রিকশাচালক ওসমান গণির অভিযোগ, তিনি যুগ্ম সচিবের ছেলের বিরুদ্ধে হত্যা ও ধর্ষণের মামলা করতে চাইলেও পুলিশ তা নেয়নি।
রোববার দুপুরে কাফরুল থানায় বিষন্ন অবস্থায় বিভিন্ন কর্মকর্তার কক্ষে আসা-যাওয়া করতে দেখা যায়।
ওসমান বলেন, “ওই যুগ্ম সচিবের বিরুদ্ধে মামলা করতে চাই। পুলিশ মামলা না নিয়ে লেখে অভিযোগ। লেখাপড়া জানি না বলে আমি মুখে যা বলি, পুলিশ তা লেখে না। কী লেখে, তাও ভাল করে বলে না।”
কাফরুল থানার ওসি শিকদার মোহাম্মদ শামীম হোসেনের কক্ষে তখন ডিএমপির মিরপুর বিভাগের উপ-কমিশনার মো. কাইয়ুমুজ্জামানকে দেখা যায়।
উপ-কমিশনার, ওসি এক পর্যায়ে ওসমান গণি ও তার পরিবারের কয়েকজন সদস্যের সঙ্গে কথা বলেন। ওসির কক্ষের দরজা বন্ধ করে প্রায় ঘণ্টাখানেক কথা বলেন তারা।
বের হওয়ার পর ওসি শিকদার শামীম রিকশাচালক ওসমান ও তার পরিবারের সদস্যদের দ্রুত থানা এলাকা ছেড়ে যেতে তাগিদ দিতে থাকেন।
কী নিয়ে কথা হয়েছে- জানতে চাইলে ওসমান কান্নাজড়িত কণ্ঠে বলেন, “ওসি সাহেব বলেছেন, আমার সঙ্গে তাদের কী কথা হয়েছে, তা যেন সাংবাদিকদের না জানাই।”
তবে উপ-কমিশনার কাইয়ুমুজ্জামান সাংবাদিকদের বলেন, কিশোরীর বাবাকে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে ওসির নিষেধ করার বিষয়ে তার কিছু জানা নেই।
কাইয়ুমুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ঘটনার পর ওই কিশোরীর বাবা থানায় একটি অপমৃত্যু মামলা করেন।
“ওই মামলাই বলবৎ আছে। তিনি (ওসমান) বলেছেন, জনিয়াকে ধর্ষণের পর পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে তাদের ধারণা।ময়নাতদন্ত হয়েছে। আমরা প্রতিবেদন পেলে সে অনুযায়ী ব্যবস্থা নেব।”
যুগ্মসচিবের ছেলের অস্বীকার
নিহতের বাবা কাজে গিয়ে ধর্ষণের স্বীকার হওয়ার অভিযোগ করলেও যুগ্মসচিব আহসান হাবিবের ছেলে দাবি করেছেন, কিশোরীর মৃত্যুর ঘটনায় তার কোনো সংশ্লিষ্টতা নেই।
স্ত্রী নাজনীন আক্তার ও ছেলে রুম্মান বিন আহসানকে নিয়ে ওই বাড়িতে থাকেন জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের পরিচালক আহসান। তার আরেক ছেলে সেনাবাহিনীতে রয়েছেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ’র শিক্ষার্থী রুম্মান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমি কোনো অন্যায়ের সঙ্গে জড়িত না।
“আমি একটা ট্রমার মধ্য দিয়ে যাচ্ছি। আমার সব ধরনের পরীক্ষা করা হোক। ঘটনার তদন্ত হোক। এটা আমি চাই।”
আহসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রুম্মন সকালে তাকে ফোন করে জানায় যে পুলিশ তাকে ও তার মাকে থানায় নিয়ে যেতে চাইছে।
এরপর কাফরুল থানায় গিয়ে পুলিশ কর্মকর্তাদের সঙ্গে কথা বলে এসেছিলেন আহসান।
“আমি দাবি জানাই আমার ও আমার পরিবারের সদস্যদের সব ধরনের পরীক্ষা-নিরীক্ষা করা হোক। আমরা প্রকৃত ঘটনাটি জানতে চাই,” বলেন তিনি।
তার স্ত্রী নাজনীনও বলেন, “আমরা ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের শাস্তি চাই।”
