কাফরুলের ন্যাম গার্ডেনে কিশোরীর লাশ
ঢাকার কাফরুলে ন্যাম গার্ডেন অফিসার্স কোয়ার্টার থেকে পুলিশ এক কিশোরীর লাশ উদ্ধার করেছে, যিনি মায়ের বদলি হিসেবে এক যুগ্মসচিবের বাসায় কাজ করতে গিয়েছিলেন।
কাফরুল থানার ওসি শিকদার মোহাম্মদ শামীম হোসেন জানান, ন্যাম গার্ডেনের একটি ভবনের ফটকের বাইরে থেকে বেলা ১১টার দিকে জনিয়া বেগম (১৫) নামে ওই কিশোরীর লাশ উদ্ধার করা হয়।
ওই ভবনের চতুর্থ তলায় যুগ্মসচিব আহসান হাবিবের বাসা।
ওসি বলেন, “ওই কিশোরী তার মা ফুলবানুর সঙ্গে উত্তর ইব্রাহিমপুরের একটি বাসায় থাকতেন। সে সকালে মায়ের বদলে কাজে গিয়েছিল। এক মহিলার সঙ্গে সে বেরিয়ে যায় বলে সচিবের পরিবারের সদস্যরা জানিয়েছেন।”
ফটকের সামনে মেয়েটিকে উপুড় হয়ে পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।
যে নারীর সঙ্গে জনিয়া বেরিয়েছিলেন বলা হচ্ছে, পুলিশ তাকে খুঁজছে বলে ওসি শামীম জানান।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মেয়েটির শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। কীভাবে তার মৃত্যু হয়েছে সে বিষয়ে এখন কিছু বলা যাচ্ছে না।”
ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এদিকে হাজারীবাগে পারিবারিক কলহের জের ধরে তন্দ্রা সাহা (৩৬) নামে এক গৃহবধূর ‘আত্মহত্যার’ খবর পাওয়া গেছে।
ঢাকা মেডিকেল ফাঁড়ির পরিদর্শক মোজাম্মেল হক জানান, শনিবার রাত সোয়া ১টার দিকে স্বামী সুজন সাহা ও তাদের মেয়ে ওই নারীকে হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
“পারিবারিক কলহের জের ধরে তন্দ্রা গলায় ফাঁস দেয় বলে তার স্বামী ও মেয়ে জানিয়েছে।”
