২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

২৫ মার্চ ‘আন্তর্জাতিক গণহত্যা দিবস’ পালনের দাবি

একাত্তরের ২৫ মার্চ রাতে এক লাখ মানুষ হত্যার প্রেক্ষাপটে দিনটিকে ‘আন্তর্জাতিক গণহত্যা দিবস’ হিসেবে ঘোষণার দাবি জানিয়েছে নৌমন্ত্রী শাজাহান খানের নেতৃত্বাধীন একটি সংগঠন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Mar 2016, 07:59 PM

Updated : 20 Aug 2022, 12:05 PM

বুধবার রাজধানীতে ‘আন্তর্জাতিক যুদ্ধাপরাধ গণবিচার আন্দোলন’ নামের সংগঠনটির এক সংবাদ সম্মেলনে জাতিসংঘে প্রস্তাবটি উঠাতে সরকারের প্রতি আহ্বান জানানো হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সংগঠনের আহ্বায়ক শাজাহান খান বলেন, “শুধু বাংলাদেশের জন্যই নয়, আজকের সুসভ্য বিশ্ব সমাজ ও বিশ্বমানবতার অগ্রযাত্রার স্বার্থেও অন্তত একটি দিন গণহত্যার মত পৈশাচিকতার বিরুদ্ধে প্রতিবাদের জন্য নির্ধারিত থাকা প্রয়োজন।

“জাতিসংঘের বিধান অনুযায়ী প্রস্তাবটি কোনো দেশের সরকারের তরফ থেকে আসতে হবে বিধায় জনগণের এই যৌক্তিক দাবির আলোকে গণহত্যার নির্মম শিকার বাঙালি ও বিশ্বের সকল হতভাগা মানুষের পক্ষ থেকে আমরা আমাদের সরকারের কাছে এই প্রস্তাব পেশ করছি।”

এ বিষয়ে সচেতনতা তৈরির অংশ হিসেবে শাজাহান খান আগামী ২৫ মার্চ মানিক মিয়া এভিনিউয়ে দিনব্যাপী নানা কর্মসূচি পালনের ঘোষণা দেন।

কর্মসূচির মধ্যে রয়েছে, সকাল ১০টা থেকে একাত্তরে গণহত্যার আলোকচিত্র প্রদর্শনী; বিকাল চারটা থেকে মুক্তিযুদ্ধের গান ও গণহত্যা নিয়ে চিত্রাঙ্কন এবং গণহত্যার জীবনচিত্র প্রদর্শন, সন্ধ্যায় মুক্তিযুদ্ধসহ সব গণহত্যায় নিহতদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে সহস্র মোমবাতি প্রজ্জ্বলন করে ‘২৫ মার্চকে আন্তর্জাতিক গণহত্যা দিবস হিসেবে স্বীকৃতি চাই’ দাবি জানানো।

সংবাদ সম্মেলনে সংগঠনের সদস্য সাংবাদিক আবেদ খান, সংসদ সদস্য শিরিন আখতার, অভিনেত্রী রোকেয়া প্রাচী উপস্থিত ছিলেন।