২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শ্রদ্ধা, ভালোবাসায় খালিদ মাহমুদ মিঠুকে বিদায়

শেষবারের মতো সহকর্মী, শুভাকাঙ্ক্ষীসহ সর্বস্তরের মানুষের শ্রদ্ধা আর ভালোবাসায় সিক্ত হলেন চলচ্চিত্র নির্মাতা ও চিত্রশিল্পী খালিদ মাহমুদ মিঠু। প্রয়াত এই চলচ্চিত্রকারকে শ্রদ্ধা জানাতে এসে শুভাকাঙ্ক্ষীরা অনুভব করলেন স্বজন হারানোর বেদনা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Mar 2016, 06:15 PM

Updated : 11 Oct 2022, 07:54 PM

পুরনো খবর:

গাছচাপায় চলচ্চিত্র নির্মাতা খালিদ মাহমুদ মিঠুর মৃত্যু

কেন্দ্রীয় শহীদ মিনার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ, এফডিসি ও চ্যানেল আই কার্যালয়ে শ্রদ্ধা নিবেদন এবং দুই দফা জানাজা শেষে বিকালে বনানী কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হন খালিদ মাহমুদ মিঠু।

মিঠুর ভগ্নীপতি জাহিদুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বিকাল পৌনে ৩টায় দ্বিতীয় জানাজা শেষে খালু জাঙ্গাহীর হোসেনের কবরে তাকে দাফন করা হয়।

এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে জোহরের নামাজের পর তার প্রথম জানাজা হয়।

সোমবার দুপুরে ধানমন্ডির চার নম্বর সড়কে গাছচাপায় মারা যান এই চলচ্চিত্র নির্মাতা। খালিদ মাহমুদ মিঠুর সহধর্মিনী কনকচাঁপা চাকমাও একজন খ্যাতনামা চিত্রশিল্পী। এই দম্পতির দুই সন্তান- আর্য শ্রেষ্ঠ ও শিরোপা পূর্ণ।

প্রথমে সকাল সাড়ে ১০টায় কেন্দ্রীয় শহীদ মিনারের তার মরদেহ নেওয়া হয়। সেখানে দেশের বরেণ্য ব্যক্তি ও সাধারণ মানুষ শ্রদ্ধা জানান। উপস্থিত ছিলেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব রামেন্দু মজুমদার, সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছসহ অনেকে।

এরপর সাড়ে ১১টার দিকে তার মরদেহ ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা অনুষদে নেওয়া হয়। সেখানে মিঠুর প্রতি শ্রদ্ধা জানান স্বাধীনতা চিত্রশিল্পী সংসদ, গ্রাফিক ডিজাইনার অ্যালামনাই অ্যাসোসিয়েশন, গ্যালারি টোয়েন্টিওয়ান, চারুকলা অনুষদ শাখা ছাত্রলীগসহ বিভিন্ন সংগঠন ও চারুকলা অনুষদের বিভিন্ন বিভাগ শিক্ষক-শিক্ষার্থীরা।

অনুষদের ডিন অধ্যাপক নিসার হোসেন বলেন, “বিশ্ববিদ্যালয়ে আমি মিঠুর তিন বছরের সিনিয়র ছিলাম। তখন থেকে আমি দেখেছি মিঠু প্রর্থম বর্ষে যেমন পরিশ্রম করত, তেমনি পরিশ্রম করে অনেক সাফল্য অর্জন করেছে।

“তার অকালমৃত্যু কামনার ছিল না। যে কারণে এই মৃত্যু আমাদের সকলের জন্য শোকের। এই মৃত্যু যেমন শোকের তেমনি দেশের বিশাল ক্ষতির।

বিশ্ববিদ্যালয়ের মৃৎশিল্প বিভাগের সহযোগী অধ্যাপক মো. রবিউল ইসলাম বলেন, “তিনি অত্যন্ত প্রতিভাবান চিত্রশিল্পী ও চলচ্চিত্র নির্মাতা ছিলেন। এজন্য তিনি চলচ্চিত্র পুরস্কারও অর্জন করেছিলেন। এ রকম দেশাত্মবোধক চলচ্চিত্রকার হারিয়ে আমরা মেধাশূন্য হয়ে যাচ্ছি।”

আগামী শুক্রবার ধানমণ্ডি ৩৬/১ ৪ নং রোডে খালিদ মাহমুদের বাসায় তার কুলখানি হবে।

খালিদ মাহমুদ মিঠুর জন্ম ১৯৬০ সালে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের অংকন চিত্রায়ন বিভাগ থেকে ১৯৮৬ সালে স্নাতকোত্তর সম্পন্ন করেন তিনি।

তার পরিচালিত প্রথম ছবি ‘গহীনে শব্দ’ মুক্তি পায় ২০১০ সালে। প্রথম ছবিই তাকে এনে দেয় শ্রেষ্ঠ পরিচালক হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্তির সম্মান।

ওই বছর ছবিটি শ্রেষ্ঠ পরিচারলকসহ চারটি ক্যাটাগরিতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করে। তার দ্বিতীয় চলচ্চিত্র ‘জোনাকির আলো’।