১৯ নারী মুক্তিযোদ্ধাকে ঢাবি অ্যালামনাই’র সম্মাননা
আন্তর্জাতিক নারী দিবসে মুক্তিযুদ্ধে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে ১৯ জন নারী মুক্তিযোদ্ধাকে সম্মাননা দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন।
মঙ্গলবার বিকালে বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনের অ্যালামনাই সম্মেলন কক্ষে এক আয়োজনের মধ্য দিয়ে তাদের এ সম্মাননা দেওয়া হয়।
সম্মাননা প্রাপ্ত নারী মুক্তিযোদ্ধারা হলেন- নূরজাহান বেগম, মমতাজ বেগম, কাঞ্চনমালা, রাজিয়া খাতুন কমলা, নাজমা বেগম (কানন বালা), সালেহা বেগম, পইরবিন নেসা, রমেছা খাতুন, হাবিজা বেওয়া, ফাতেমা বেগম, শেখ ফাতেমা আলী, জাহারা খাতুন, লাইলী বেগম, ময়মুনা বেগম, হাসিনা বানু, সমলা বেওয়া, জোবেদা বেওয়া, সাহারা খাতুন ও করফুলি বেওয়া।
সম্মাননা হিসেবে তাদের প্রত্যেককে নগদ ৫০ হাজার টাকা, শাড়ি ও চাদর উপহার দেওয়া হয়।
অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি রকীবউদ্দীন আহমেদের সভাপতিত্বে সম্মাননা প্রদানের আলোচনায় মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক নাসরীন আহমদ বক্তব্য রাখেন।
সংগঠনের মহাসচিব দেওয়ান রশিদুল হাসান ও যুগ্ম মহাসচিব রঞ্জন কর্মকার অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।
সম্মাননা গ্রহণ করে শেখ ফাতেমা আলী বলেন, “১৯৭১ এ নির্যাতিত হয়েছি শুধু তাই নয়, স্বাধীন বাংলাদেশেও আমরা নির্যাতনের শিকার।দেশ স্বাধীন হওয়ার পর বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে আমরা তার সঙ্গে দেখা করেছিলাম।
“এ সময় তিনি আমাদের পুর্নবাসনের ব্যবস্থা করার আশ্বাস দিয়েছিলেন । অথচ বঙ্গবন্ধুর খুনের পর খুনিরা আমাদেরকে আাবার অন্ধকারে ঠেলে দেয়। আমাদের পুর্নবাসন প্রক্রিয়াও আটকে যায়।”
তিনি বলেন, “বীরাঙ্গনা বলে আমি চাকরি পাইনি। সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে আয়ার কাজ করতাম সেটাও ১৯৯১ সালে খালেদা জিয়ার সরকার বেছে বেছে বীরাঙ্গনাদের বের করে দিয়েছেন। তিনি একজন বীরাঙ্গনা হলে কীভাবে অপর বীরাঙ্গনার পেটে লাথি মারেন।”
সম্মাননা গ্রহণকারী অপর নারী মুক্তিযোদ্ধা লাইলী বেগম বলেন, “নারী হয়ে নারীদের যে মূল্যায়ন করতে হয় সেটা প্রধানমন্ত্রী শেখ হাসিনা করে দেখিয়েছেন। আমরা বীরাঙ্গনারা তার সঙ্গে কাধে কাধ মিলিয়ে লড়াই করতে চাই।
এ সময় বীরঙ্গনাদের গেজেট প্রকাশসহ, ভাতা, বাসস্থান নির্মাণের বরাদ্দের জন্য মুক্তিযুদ্ধবিষয়কমন্ত্রীর কাছে আবেদন জানান তিনি।
লাইলী বেগম নিজেদের উপর পাকিস্তানি সৈন্যদের বর্বর নির্যাতনের কথা স্মরণ করে বাষ্পরুদ্ধ হলে অনুষ্ঠানে উপস্থিত অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন।
মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বীরাঙ্গনাদের উদ্দেশে বলেন, “আপনাদের গেজেট খুব শিগগিরই ব্যবস্থা করা হবে। বীরাঙ্গনাদের জন্য মাসিক বরাদ্দ ভাতার বকেয়া ৭০ হাজার টাকা আছে। ২৬ মার্চের আগে এই অর্থ প্রধানমন্ত্রীর হাত দিয়ে কয়েকজনকে দেওয়া হবে।”
“এরপর বাকিদের পর্যায়ক্রমে দেওয়া হবে। এটা ১০ হাজার টাকা মাসিক ভাতায় উন্নীত করা হবে। এছাড়া যাদের ২/৩ কাঠা জমি আছে, তাদেরকে বাড়ি করার জন্য আট লাখ করে টাকাও বরাদ্দ আছে।”
মঙ্গলবার ঘোষিত চূড়ান্ত রায়ে যুদ্ধাপরাধী মীর কাসেম আলীর ফাঁসি বহাল থাকায় স্বস্তি প্রকাশ করেন মন্ত্রী বলেন, “মীর কাশেম আলীর ফাঁসি হবে কি হবে না- আমার সন্দেহ হয়েছিল। ফাঁসি হয়েছে আমি অত্যন্ত আনন্দিত।”
খালেদা জিয়ার উদ্দেশে মোজাম্মেল হক বলেন, “স্বাধীনতার ৪০ বছর পরে হলেও এদেশে যুদ্ধাপরাধীদের বিচার হয়েছে।একদিন মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতিকারী যারা আছেন, শহীদদের সংখ্যা দিয়ে বিতর্ক তুলে যারা কটাক্ষ করছেন তাদেরও বিচার করা হবে।”
বীরাঙ্গনাদের সম্মাননা দেয়ার জন্য অ্যালামনাই অ্যাসোসিয়েশনকে ধন্যবাদ জানান মন্ত্রী। একই সঙ্গে যুদ্ধাপরাধী দল জামায়াত ইসলামীর রাজনীতি নিষিদ্ধের দাবিও তোলেন।
মন্ত্রী বলেন, “প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুধু নারী দরদী নন, তিনি মানবদরদী। নারীদের অধিকার আদায়ে তিনি সবচেয়ে বেশি কাজ করছেন।
“আজ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, সংসদ নেতা, উপনেতা, বিরোধী দলীয় নেতা, স্পিকার, কমপক্ষে ১০ জন সচিবসহ বিভিন্ন হাই কমিশনে নারীরা তাদের যোগ্যতার স্বাক্ষর রেখে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করছেন।”
উপাচার্য আরেফিন সিদ্দিক বলেন, “বীরাঙ্গনাদের আত্মত্যাগের ফসল এই স্বাধীনতা। সে সুফল আমরা ভোগ করছি। তাই তাদেরকে স্বীকৃতি দেওয়া অমাদের নৈতিক, সামাজিক ও রাষ্ট্রীয় দায়িত্ব।
“স্বাধীনতার ৪৫ বছর পেরিয়ে গেছে। আমরা তাদের সম্মান জানাতে দেরি করে ফেলেছি। তাদের অনেকের জীবন এখন সায়াহ্নে। অথচ স্বাধীনতার পরপরই তাদের পুর্নবাসন করা দরকার ছিল।”
তিনি আরও বলেন, “বঙ্গবন্ধু বীরাঙ্গনাদের পুর্নবাসনে কাজ শুরু করেছিলেন। বেগম মুজিবের নেতৃত্বে বীরাঙ্গনাদের পুর্নবাসন করা হয়েছিল। অথচ বঙ্গবন্ধু হত্যার মধ্যদিয়ে খুনিরা সবকিছু স্তব্ধ করে দেয়।এমনকি অনেকে মুক্তিযোদ্ধা পরিচয় দিতেও ভয় পেতেন।”
উপ-উপাচার্য (শিক্ষা ) নাসরীন আহমদ বলেন, “নারী ও পুরুষ উভয়ে মিলিয়ে দেশকে মুক্তিযুদ্ধের মধ্যদিয়ে স্বাধীন করেছিল। অথচ স্বাধীনতার পর আমরা আশ্চর্যজনক ভাবে দেখতে পেলাম- শুধু পুরুষ মুক্তিযোদ্ধাদের খেতাব, পুরস্কার ও সম্মাননা দেওয়া হল।
“অথচ নারীদেরকে বঞ্চিত করা হল। মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করা হল। বীরাঙ্গনারা হলেন বারাঙ্গনা।”
অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক শেখ আবদুস সালাম, ব্যবসায়ী ও অ্যালামনাই অ্যাসোসিয়শনের কার্যনির্বাহী সদস্য এ কে আজাদ, অধ্যাপক আবু মোহাম্মদ দেলোয়ার হোসেনসহ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সদস্য ও নেতারা উপস্থিত ছিলেন।
