সমস্যার সুরাহা দিয়ে ডিসিদের কর্মস্থলে থাকতে নির্দেশ
কর্মস্থলে পরিবার নিয়ে থাকতে জেলা প্রশাসকদের অনীহার কয়েকটি কারণ চিহ্নিত করে তা সমাধানের নির্দেশনা দিয়ে তাদের সার্বক্ষণিক কর্মস্থলে থাকার নির্দেশ দিয়েছে সরকার।
মন্ত্রিপরিষদ বিভাগ গত ৬ মার্চ ডিসিদের এই নির্দেশনা দিয়ে একটি পরিপত্র ও তিনটি অফিস আদেশ জারি করেছে; যা মঙ্গলবার প্রকাশ করা হয়েছে।
কোন কোন সমস্যার কারণে কোনো কোনো সরকারি কর্মকর্তা ডিসি হিসেবে নিয়োগ পেতে চান না, তাও এসব আদেশে ফুটে উঠেছে।
পরিপত্রে বলা হয়েছে, মাঠ পর্যায়ের সরকারি কর্মকর্তাদের সার্বক্ষণিকভাবে কর্মস্থলে অবস্থান নিশ্চিত করতে মন্ত্রিপরিষদ বিভাগ বিভিন্ন সময় নির্দেশনা জারি করেছে। প্রধানমন্ত্রী ডিসিদের পরিবারসহ সার্বক্ষণিক কর্মস্থলে রাখার নির্দেশ দিয়েছেন।
প্রধানমন্ত্রীর এই নির্দেশের পর মন্ত্রিপরিষদ বিভাগ তাদের পরিপত্রে ডিসিদের জন্য চারটি নির্দেশনা জারি করে তা অনুসরণ করতে বলেছে।
“সরকারি বাসভবন থাকলেও অনেকে ডিসি সপরিবারে সেখানে অবস্থান করেন না,” উল্লেখ করেই এসব নির্দেশনা দেওয়া হয়।
স্বামী/স্ত্রী সরকারি চাকরিজীবী হলে তাদের একজন ডিসির দায়িত্ব নিলে অন্যজনের কর্মস্থল ভিন্ন স্থানে হলে একসঙ্গে বসবাসের সমস্যা দেখা দেয়।
এই সমস্যা সমাধানে জেলা প্রশাসকদের স্বামী কিংবা স্ত্রীকে পাশ্ববর্তী জেলায় পদায়ন বা বদলি করার জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ, অধিদপ্তর বা সংস্থা যথাযথ ব্যবস্থা নেবে বলে মন্ত্রিপরিষদ বিভাগ আশ্বস্ত করেছে।
ডিসি হিসেবে চাকরি শেষে বদলি হয়ে ঢাকায় এসে সরকারি বাসার জন্য দীর্ঘদিন অপেক্ষা করতে হয়।
এজন্য অনেকে ডিসির দায়িত্ব নিয়ে মহানগরের বাইরে যেতে চান না। আবার অনেক কর্মকর্তা নিজে গেলেও তারা ঢাকার বাড়ি ছাড়তে চান না।
এজন্য ঢাকায় বদলি হওয়া ডিসিদের অনুকূলে সরকারি বাসা বরাদ্দের বিষয়টি গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়কে অগ্রাধিকারভিত্তিতে বিবেচনা করতে পরিপত্রে নির্দেশনা দেওয়া হয়েছে।
“এতে ঢাকার ফিরে আসার পর সরকারি বাসা পাওয়ার দুশ্চিন্তার অবসান হবে এবং ডিসিরা সপরিবারে কর্মস্থলে অবস্থানেও আগ্রহী হবেন।”
ঢাকায় কর্মকর্তাদের আবাসন নিশ্চিতে সরকারের পরিত্যক্ত ও অব্যবহৃত জমি এবং জরাজীর্ণ ও মেরামত অযোগ্য বাসভবন চিহ্নিত করে সেখানে বহুতল ভবন নির্মাণ করতে প্রধানমন্ত্রী গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন বলেও আদেশে উল্লেখ রয়েছে।
কোনো ডিসি বদলি হয়ে ঢাকাসহ বিভিন্ন মহানগরে এলে তাদের সন্তানদের বিদ্যালয়ে ভর্তি নিয়ে সমস্যা দেখা দেয়। এই সমস্যার সমাধানে ভর্তির সুযোগ রাখতে বলা হয়েছে।
আবার মফস্বল শহরের তুলনায় ঢাকার শিক্ষা প্রতিষ্ঠানের লেখাপড়ার মান উন্নত হওয়ায় সন্তানদের পড়াশোনার স্বার্থে অনেক কর্মকর্তা বদলি হয়েও ঢাকার পরিবার রেখে যান।
এই প্রবণতা নিরুৎসাহিত করতে আদেশে বলা হয়, “ডিসিদের সন্তানরা সংশ্লিষ্ট জেলার শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করলে অভিভাবক হিসেবেও তারা জেলার শিক্ষা প্রতিষ্ঠানগুলোর উন্নয়নে ভূমিকা রাখতে পারবেন।”
ডিসির স্ত্রী সংশ্লিষ্ট জেলার বসবাস করলে জেলার শিক্ষা, খেলাধুলা এবং সামাজিক-সাংস্কৃতিক উন্নয়নে নারীর ভূমিকা জোরদার করার ক্ষেত্রে সহায়ক ভূমিকা পালন করতে পাববেন বলেও আদেশে আশা প্রকাশ করা হয়।
ডিসিদের কর্মস্থলে সপরিবারে থাকার গুরুত্ব তুলে ধরে পরিপত্রে বলা হয়, “ডিসিরা সপরিবারে কর্মস্থলে বসবাস করলে সম্পূর্ণ মনোনিবেশ করে জনগণকে অধিক সেবা দিতে পারবেন।”
