২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুলিশের ধাওয়ায় জামায়াতের ঝটিকা মিছিল ছত্রভঙ্গ

যুদ্ধাপরাধী মীর কাসেম আলী মৃত্যুদণ্ডের রায় আপিলে বহাল ঘোষণার পর জামায়াত-শিবিরের একটি ঝটিকা মিছিল ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করে দিয়েছে পুলিশ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Mar 2016, 02:42 PM

Updated : 12 Apr 2022, 01:35 AM

মঙ্গলবার দুপুরে রাজধানীর মৌচাক মার্কেটের পেছনে ওই মিছিল থেকে নাশকতার পরিকল্পনার অভিযোগে দুই জনকে আটক করা হয়েছে বলে রমনা থানার ওসি মশিউর রহমান জানিয়েছেন।

প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বাধীন পাঁচ সদস্যের আপিল বেঞ্চ মঙ্গলবার সকালে একাত্তরে চট্টগ্রামের বদর কমান্ডার জামায়াত নেতা মীর কাসেমের আপিলের রায় ঘোষণা করে।

ওসি মশিউর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রায় ঘোষণার কিছুক্ষণ পর সিদ্ধেশ্বরীতে জামায়াত-শিবিরের ২০-২৫ জন নেতাকর্মী একটি ঝটিকা মিছিল বের করে।

“মিছিল থেকে তারা পুলিশকে ইট-পাটকেল মারতে শুরু করে এবং গাড়ি ভাঙচুরে উদ্যত হয়। জনগণের জানমালের নিরাপত্তা ও আত্মরক্ষার্থে পুলিশ তাদের ধাওয়া করে এবং ছররা গুলি ছোড়ে। এতে ছত্রভঙ্গ হয়ে যায় মিছিলকারীরা।”

পরে পুলিশের ছররা গুলিতে আহত সুমন নামে এক শিবিরকর্মীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে আটক করা হয় বলে জানান মশিউর।  

“সুমনের দেওয়া তথ্যের ভিত্তিতে ইসলামী ব্যাংক কাকরাইল শাখা থেকে আর একজনকে আটক করা হয়। নাশকতার পরিকল্পনাকারীদের গ্রেপ্তারে তাকে নিয়ে অভিযান চলছে।”

অভিযানের সফলতার স্বার্থে তার নাম প্রকাশ করতে রাজি হননি এই পুলিশ কর্মকর্তা।

আটকদের বিরুদ্ধে নাশকতার অভিযোগে মামলা হবে বলে জানান তিনি।