জাপান-বাংলাদেশ হাসপাতালকে ফের জরিমানা
মৃত শিশুকে আইসিইউতে চিকিৎসাধীন দেখানোসহ নানা অনিয়মের দায়ে ১১ লাখ টাকা জরিমানা গোনার একমাস না পেরুতেই পার্কিং এলাকায় অবৈধ দখলের দায়ে ফের জরিমানা দিতে হয়েছে জাপান-বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতালকে।
সোমবার রাজউকের আবাসিক এলাকায় পার্কিং দখলমুক্তকরণ অভিযানে ধানমন্ডির সাত মসজিদ রোডের এই হাসপাতালটিকে দুই লাখ টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাসিরউদ্দিন।
প্রায় একমাস আগে মৃত শিশুকে আইসিইউতে ভর্তি দেখিয়ে অর্থ আদায়সহ বিভিন্ন অনিয়মের দায়ে ‘জাপান-বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতালকে’ সাড়ে ১১ লাখ টাকা জরিমানা করেছিল ভ্রাম্যমাণ আদালত।
এ ঘটনায় ব্যাখ্যা দেওয়ার জন্য হাসপাতাল কর্তৃপক্ষকে ডেকেছিল উচ্চ আদালত। র্যাব, স্বাস্থ্য অধিদপ্তর এবং ঔষুধ প্রশাসন অধিদপ্তর সম্মিলিতভাবে সেই অভিযানটি চালিয়েছিল।
রাজউকের চলমান অভিযানে এদিন ধানমন্ডির ‘কেয়ারি প্লাজা’র সেটব্যাকে নির্মিত অবৈধ স্থাপনা ভেঙে ফেলা হয়। নকশায় কার-পার্কিং হিসেবে অনুমোদন নিয়ে বাণিজ্যিক ব্যবহারের দায়ে ‘গাজী টাওয়ার’ কর্তৃপক্ষকে দুই লাখ টাকা জরিমানা করা হয়।
ধানমন্ডি এলাকার অভিযানের নেতৃত্বে ছিলেন রাজউকের অঞ্চল-৫ এর অথরাইজড অফিসার আ জ ম শফিউল হান্নান।
পার্কিংয়ের স্থান না রাখায় ধানমন্ডির ২ নম্বর সড়কে একটি নির্মাণাধীন ভবনেও দুই লাখ টাকা জরিমানা করে রাজউক। এছাড়া সেখানে বেশ কিছু ভবনের অবৈধ দখল উচ্ছেদ করা হয়।
এদিকে রাজউকের জোন-৪ এর অন্তর্ভুক্ত বারিধারা ‘কে’ ব্লকের ডিপ্লোমেটিক জোনে অভিযান চালান অথরাইজড্ অফিসার মো. আদিলুজ্জামান ও নির্বাহী মেজিস্ট্রেট আব্দুল হামিদ মিয়া।
অভিযানে তিনটি আবাসিক ভবনের পার্কিং এলাকা উদ্ধারের পাশাপাশি লাখ টাকা জরিমানা করা হয় ভবন মালিকদের।
এ রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট খন্দকার জাকির হোসেন ও অথরাইজড অফিসার মিজানুর রহমান এর নেতৃত্বে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।
উত্তরায় গাউসুল আযম অ্যাভিনিউতে অবৈধ দখলের দায়ে ‘আগোরা সুপার শপ’কে তিন লাখ টাকা জরিমানা করে অঞ্চল-২ এর অথরাইজড অফিসার মিজানুর রহমানের নেতৃত্বাধীন দল। সেখানে ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট ছিলেন জাকির হোসেন।
এদিন গাউসুল আযম অ্যাভিনিউর বিভিন্ন ভবনের কারপার্কিংয়ের স্থানে অবৈধ স্থাপনা উচ্ছেদের পাশাপাশি কয়েকটি ভবনের সামনে ফুটপাতের উপর নির্মিত র্যাম্পও অপসারণ করা হয় বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
