২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

‘দেশে নারী অধিকারের পূর্ণতায় প্রয়োজন সিডও’র মতো আইন’

দেশে নারীর অধিকার প্রতিষ্ঠায় ‘নারীর প্রতি সব ধরনের বৈষম্য বিলোপ সনদ-(সিডও) এর মতো আইন প্রণয়ন দরকার বলে মন্তব্য করেছেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যন মিজানুর রহমান।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Mar 2016, 08:48 PM

Updated : 20 Aug 2022, 12:02 PM

শনিবার বিকালে ঢাকায় এক মতবিনিময় সভায় তিনি বলেন, “সিডও সনদের মত নারীদের জন্য আরেকটি আইন প্রণয়ন না হলে এদেশে নারীর অধিকার পূর্ণতা পাবে না।”

আন্তর্জাতিক নারী দিবস সামনে রেখে ‘নারীর প্রতি সব ধরনের বৈষম্য বিলোপ সনদ-(সিডও)’ বাস্তবায়নে ২১টি পর্যালোচনা নিয়ে বাংলাদেশ মহিলা পরিষদ রাজধানীর সিরডাপ মিলনায়তনে এ মতবিনিময় সভার আয়োজন করে।

নারী অধিকারের ক্ষেত্রে বাংলাদেশ রাষ্ট্র পৃথিবীর কাছে নিজের চেহারা ‘ফেয়ার অ্যান্ড লাভলী’ দিয়ে দেখাচ্ছে বলে সভায় মন্তব্য করেন মিজানুর রহমান।

স্বাধীন বাংলাদেশে নারী ও শিশুসহ কারও মানবাধিকার ক্ষুণ্নের ঘটনা মেনে নেওয়া যায় না বলেও মন্তব্য করেন জাতীয় মানবাধিকার কমিশনের এই চেয়ারম্যন।

তিনি বলেন, “স্বাধীনতার ঘোষণার সময় সমতা, সামাজিক ন্যায় বিচার ও মানব সভ্যতা প্রতিষ্ঠা- এই তিনটি বিষয়কে সামনে রাখা হয়েছিল। আর এই স্বাধীন দেশে মানবাধিকার ক্ষুণ্ন হবে তা মেনে নেওয়া যায় না।”

১৯৭৬ সালে নারীর প্রতি সব ধরনের বৈষম্য বিলোপে সিডও সনদ গ্রহণ করে জাতিসংঘ। ১৯৮১ সালে আন্তর্জাতিক চুক্তি হিসেবে বিভিন্ন দেশের স্বাক্ষরের জন্য সনদটি উন্মক্ত করা হয়।

বাংলাদেশ ১৯৮৪ সালে সনদের ২, ১৩(এ), এবং ১৬.১ (গ) (চ) ধারা সংরক্ষণ করে চুক্তিতে অনুসমর্থন করে। পরবর্তীতে ২ এবং ১৬.১ (গ) সংরক্ষণ রেখে বাকি অনুচ্ছেদগুলো থেকে সংরক্ষণ প্রত্যাহার করে নেওয়া হয়।

মতবিনিময় সভায় বাংলাদেশে সিডও’র পূর্ণ বাস্তবায়নের লক্ষ্যে ২১টি পর্যালোচনা প্রস্তাব উপস্থাপন করেন মহিলা পরিষদের আন্তর্জাতিক সম্পাদক রেখা সাহা।

এতে বাংলাদেশ সরকারের সংরক্ষণ করা সনদের দুই অনুচ্ছেদ প্রত্যাহার করে সিডও সনদের পূর্ণ অনুমোদন দেওয়ার দাবি জানানো হয়।

এ সময় পরিষদের সভাপতি আয়সা খানম বলেন, “আমরা কোনো ভাবেই বলতে রাজি না মহিলারা কোনো কাজে ছেলেদের চেয়ে কম যোগ্যতা সম্পন্ন। সুযোগ পেলে নারীরা যে কোনো স্থানে যোগ্যতা দেখাতে পারে।

“নারীদের সর্বক্ষেত্রে যোগ্যতা প্রমাণের জন্য সরকার ও রাষ্ট্রের সাথে গণমানুষের ভূমিকা আরও অনেক বেশি।” 

মতবিনিময় সভায় ইউএন উইমেন বাংলাদেশের কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ ক্রিস্টিন সুসান হান্টার, সাংসদ ফজিলাতুন নেসা বাপ্পি, ইউনিসেফ বাংলাদেশের চিফ কমিউনিকেশন ফর ডেভেলপমেন্ট বক্তব্য রাখেন।