২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

দায়িত্ব নিলো ডিইউজে’র নতুন কমিটি

ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) নব নির্বাচিত কমিটির নেতাদের কাছে দায়িত্ব হস্তান্তর করেছে বিদায়ী কমিটি।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Mar 2016, 09:44 PM

Updated : 20 Aug 2022, 12:01 PM

বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে এক অনুষ্ঠানের মাধ্যমে দায়িত্ব বুঝে নেন আগামী দুই বছরের জন্য নির্বাচিত নতুন কমিটির নেতারা।

এ সময় সাবেক নেতারা ফুল দিয়ে এই সাংবাদিক সংগঠনটির নতুন নেতাদের অভিনন্দিত করেন।

গত ২০ ফেব্রুয়ারি এক নির্বাচনে ভোটের মাধ্যমে নির্বাচিত হয়ে আসে এই নতুন কমিটি, যাতে সভাপতি পদে শাবান মাহমুদ ও সাধারণ সম্পাদক পদে সোহেল হায়দার চৌধুরী একই প্যানেল থেকে নির্বাচিত হয়ে আসেন।

দায়িত্ব হস্তান্তরে আয়োজিত এই অনুষ্ঠানের প্রথম পর্বে সভাপতিত্ব করেন ডিইউজে’র বিদায়ী ভারপ্রাপ্ত সভাপতি আতিকুর রহমান চৌধুরী; আর শেষ পর্বে সভাপতিত্ব করেন সংগঠনের নব নির্বাচিত সভাপতি শাবান মাহমুদ।

ডিইউজে’ র নব নির্বাচিত সাধারণ সম্পাদক সোহেল হায়দার চৌধুরী অনুষ্ঠান পরিচালনায় ছিলেন।

এতে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের বিএফইউজে’র (একাংশের) সাবেক মহাসচিব আবদুল জলিল ভূইয়া, বিএফইউজে’র মহাসচিব ওমর ফারুক, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি কাজী রফিক, ডিইউজে’র সাবেক সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম ভূইয়া, আকরাম হোসেন খান, ডিইউজে’র সাবেক সাধারণ সম্পাদক কুদ্দুস আফ্রাদ, জাতীয় প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক স্বপন সাহা, সিনিয়র সাংবাদিক কাজী আবদুল হান্নান ও তরুন তপন চক্রবর্তী বক্তব্য রাখেন।

নেতারা অবিলম্বে নবম ওয়েজ বোর্ড গঠনের দাবি জানিয়ে বলেন, সরকারি কর্মকর্তাদের বেতন বাড়ার কারণে সাংবাদিকদের বেতন বৈষম্য সৃষ্টি হয়েছে- যা অবিলম্বে সমাধান প্রয়োজন।

নেতারা বাংলা নববর্ষে সাংবাদিক ও গণমাধ্যম কর্মীদের বৈশাখি ভাতা দেওয়ার জন্যও মালিক কর্তৃপক্ষের কাছে দাবি জানান।

পুরনো খবর:

ডিইউজের নেতৃত্বে শাবান-সোহেল