২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্টুডিও ব্যবসায়ী হত্যা: ৪ আসামির সাজা কমে যাবজ্জীবন

নরসিংদীতে স্টুডিও ব্যবসায়ী মো. মোস্তফাকে অপহরণ করে হত্যার ঘটনায় নিম্ন আদালতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত চার আসামির সাজা কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে হাই কোর্ট।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Mar 2016, 04:15 PM

Updated : 12 Apr 2022, 01:33 AM

আসামিদের ডেথ রেফারেন্স (মৃত্যুদণ্ড অনুমোদন) ও আপিলের ওপর শুনানি শেষে বৃহস্পতিবার বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি আমির হোসেনের বেঞ্চ এ রায় দেয়।  

হাই কোর্টে যাবজ্জীবনপ্রাপ্ত চার আসামি হলেন- রুবেল, আলী হোসেন, জহিরুল ইসলাম ও শাহ আলম। ২০১০ সালের ৪ নভেম্বর নরসিংদীর অতিরিক্ত জেলা জজ তাদের মৃত্যুদণ্ড দিয়েছিল।

আদালতে রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শেখ এ কে এম মনিরুজ্জামান কবীর ও সহকারী অ্যাটর্নি জেনারেল শহীদুল ইসলাম খান। আসামিপক্ষে ছিলেন আইনজীবী এ কে এম ফজলুল হক খান ফরিদ।

রায়ের পর মনিরুজ্জামান কবীর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, চার আসামির সবাই বর্তমানে কারাগারে রয়েছেন।

মামলার নথি থেকে জানা যায়, স্টুডিও ব্যাসায়ী মোস্তফা ২০০৯ সালের ১৭ মে নিখোঁজ হন। তিন দিন পর নাদারদি গ্রামের কেছারি বিলে তার লাশ পাওয়া যায়।

এরপর অপহরণ করে মোস্তফাকে হত্যার অভিযোগে তার মামা আবু সাঈদ ২০ মে মনোহরদী থানায় অজ্ঞাত পরিচয় আসামিদের বিরুদ্ধে মামলা করেন।

তদন্ত শেষে ২০০৯ সালের ৩০ জুলাই ওই চার জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয় পুলিশ। রুবেল ছাড়া বাকিরা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দেন।

বিচারিক আদালত চার আসামিকে মৃত্যুদণ্ড দিলে ২০১০ সালেই আসামিদের ডেথ রেফারেন্স (মৃত্যুদণ্ড অনুমোদন) শুনানির জন্য হাই কোর্টে আসে। পাশাপাশি আসামিরাও আপিল করেন।

গত ৩ ফেব্রুয়ারি হাই কোর্টে এ বিষয়ে শুনানি শুরু হয়। পাঁচ দিন শুনানি শেষে বৃহস্পতিবার হাই কোর্ট রায় দিল।