পাকিস্তানকে হারানোর পর প্রধানমন্ত্রীর আনন্দাশ্রু
পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের এশিয়া কাপের ফাইনাল নিশ্চিত হওয়ার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার চোখ বেয়ে ঝরেছে আনন্দ অশ্রু।
বাঙালির স্বাধীনতার মাস মার্চে পাকিস্তানের বিপক্ষে এই খেলা নিয়ে অনলাইন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছিল ব্যাটে-বলে আরেকটি যুদ্ধজয়ের প্রত্যাশা, যা শেষ পর্যন্ত বাস্তবে রূপ নেয়।
ক্রিকেটপ্রেমীদের প্রবল প্রত্যাশা নিয়ে বুধবার সন্ধ্যায় শুরু হওয়া ম্যাচ দেখতে স্টেডিয়ামে গিয়েছিলেন প্রধানমন্ত্রী। ছোট বোন শেখ রেহানার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক এবং তার স্ত্রী পেপ্পি সিদ্দিককে নিয়ে ভিভিআইপি লাউঞ্জে বসে খেলা দেখেন তিনি।
স্টেডিয়ামে খেলা দেখতে মা শেখ হাসিনার সঙ্গী সায়মা হোসেন পুতুল। ছবি: সাইফুল ইসলাম কল্লোল
পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ ক্রিকেট দলকে সমর্থন জানাতে স্টেডিয়ামে উপস্থিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ছিল লাল-সবুজ পতাকাও। ছবি: সাইফুল ইসলাম কল্লোল
সরকার প্রধান বা রাষ্ট্র প্রধানদের আবেগ প্রকাশে সাধারণত রাখঢাক থাকলেও জাতির জনকের কন্যা নিজের আবেগকে আনুষ্ঠানিকতার মধ্যে চাপা দিয়ে রাখেননি।
এই দিনে তিনিও শামিল হলেন সবার সঙ্গে। হাসলেন। কাঁদলেন। দেশের পতাকা উড়ালেন। কখনো উচ্ছ্বাসে হাতে তালি দিয়ে উঠলেন।
ভিভিআইপি লাউঞ্জ থেকেই মাঠে উপস্থিতদের উদ্দেশে হাত নাড়েন তিনি। এরপর জাতীয় পতাকাও ওড়ান।
এক পর্যায়ে নিজের আবেগ ধরে রাখতে পারেননি শেখ হাসিনা। আনন্দ অশ্রু গড়িয়ে পড়তে থাকে তার দুচোখ বেয়ে। চশমা খুলে চোখ মুছতেও দেখা যায় তাকে।
তখন শেখ হাসিনার পাশে ছিলেন তার মেয়ে সায়মা ওয়াজেদ হোসেন পুতুল।
