ক্রিকেটারদের অভিনন্দনের জোয়ার
পাকিস্তানকে হারিয়ে এশিয়া কাপ টি-টোয়েন্টির ফাইনাল নিশ্চিত করায় অভিনন্দনের জোয়ারে ভাসছেন বাংলাদেশের ক্রিকেটাররা।
বুধবার রাতে মিরপুরে শের-ই বাংলা জাতীয় স্টেডিয়ামে পাকিস্তানকে হারানোর সঙ্গে সঙ্গে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতসহ সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা ক্রিকেটারদের অভিনন্দন জানান।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াও তাদের অভিনন্দন জানিয়েছেন।
অভিনন্দন বার্তার পাশাপাশি ঢাকাসহ সারা দেশের রাস্তায় নামে বিজয় মিছিল।
সন্ধ্যা সাড়ে ৭টায় ম্যাচ শুরুর কিছুক্ষণ পর খেলা দেখতে স্টেডিয়ামে যান প্রধানমন্ত্রী। সেখানে বসেই পুরো ম্যাচ দেখেন তিনি।বাংলাদেশ ৫ উইকেট হাতে রেখে পাকিস্তানের দেওয়া ১৩০ রানের লক্ষ্য টপকে যাওয়ার পর উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা যায় প্রধানমন্ত্রীকে।
বাংলাদেশ ফাইনালে। দুই অপরাজিত ব্যাটসম্যান মাশরাফি বিন মুর্তজা ও মাহমুদউল্লাহকে অভিনন্দন জানাতে মাঠে ছুটে আসছেন সতীর্থরা।
মুহূর্তের মধ্যেই কয়েক হাজার ক্রিকেটপ্রেমী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে আনন্দ মিছিল নিয়ে বেরিয়ে আসেন টিএসসিতে, সবার মুখে বিজয়ের উজ্ছ্বাস। ঢাক ঢোল বাজিয়ে বিজয় উদযাপন করেন তারা।
এ সময় টিএসসিতে বাজি ফাটিয়ে, বাঁশি বাজিয়ে মাশরাফিদের অভিনন্দন জানানো হয়।
বিশ্ববিদ্যালয়ের মহসীন হলের শিক্ষার্থী ইসমাইল হোসেন বলেন, “বাংলাদেশের এই বিজয়ে আমরা আনন্দিত। এটা এক রকম ২০১২ সালের প্রতিশোধই বলা যেতে পারে।”
তবে এবার এশিয়া কাপের শিরোপা ঘরে থাকবে বলে আশাবাদী হয়ে উঠেছেন ক্রিকেটপ্রেমীরা।
“আশা করি সামনে ফাইনালে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হবে বাংলাদেশ। রিয়াদ, তাসকিন, মাশরাফিদের ধন্যবাদ তারা বাংলাদেশ দলকে জেতালে আমি জিতি, বাংলাদেশের ১৬ কোটি মানুষ জেতে। এগিয়ে যাও, টাইগার,” বলে ইসমাইল।
উল্লাসরত মাহমুদুল হাসান নামে আরেক শিক্ষার্থী বলেন, “টাইগাররা আজকে ফেবারিটের মতোই খেলল। খেলার এই ধারা অব্যাহত রাখলে সামনের টি-২০ বিশ্বকাপে চ্যাম্পিয়ান হওয়াটাও অস্বাভাবিক কিছু না।”
পুরান ঢাকা থেকে টিএসসিতে ছুটে আসা আব্দুর রহমান রোকন বলেন, “বাংলাদেশের বিজয়ে আমি খুবই আনন্দিত। এবার ফাইনালে ভারতকে হারিয়ে কাপ নিতে চাই। টাইগাররা পারবে বলে আমার বিশ্বাস।”
