মারফত আলী হত্যা: হাই কোর্টে খালাসের আসামির যাবজ্জীবন
কুষ্টিয়ায় সিকি শতাব্দি আগের জাসদ নেতা মারফত আলী হত্যা মামলায় হাই কোর্টে খালাস পাওয়া এক আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে সর্বোচ্চ আদালত।
হাই কোর্টের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা আপিল মঞ্জুর করে বুধবার বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বেঞ্চ এ রায় দেয়।
যাবজ্জীবন কারাদণ্ড পাওয়া আসামি সিরাজ মণ্ডলকে ২০০২ সালে হাই কোর্টের রায়ে খালাস দেওয়া হয়েছিল। আর ১৯৯৮ সালে কুষ্টিয়ার জজ আদালত সিরাজের ফাঁসি রায় দিয়েছিল।
এছাড়া আরও আট আসামিকে এ মামলায় যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছিল বিচারিক আদালত। তাদের সবাই হাই কোর্টের রায়ে খালাস পেয়ে যান।
এদের মধ্যে কেবল সিরাজ মণ্ডলের খালাসের রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে গিয়েছিল রাষ্ট্রপক্ষ।
আদালতে রাষ্ট্রপক্ষে শুনানিতে থাকা ডেপুটি অ্যাটর্নি জেনারেল খোন্দকার দিলীরুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আপিল বিভাগ যাবজ্জীবন কারাদণ্ড দেওয়ায় আসামি সিরাজকে এখন নিম্ন আদালতে আত্মসমর্পণ করতে হবে।”
মামলার বিবরণে জানা যায়, ১৯৯১ সালের ১৭ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের প্রচারের মধ্যে মিরপুর উপজেলর কুর্শা ইউনিয়নের ইশালমারী মাঠে মারফত আলীকে গুলি করে হত্যা করা হয়।
কুষ্টিয়ার মিরপুর উপজেলার সাবেক চেয়ারম্যান মারফত আলী সে সময় উত্তরাঞ্চলে কৃষক নেতা হিসেবে পরিচিত ছিলেন। ওই সংসদ নির্বাচনে জাসদের (রব) প্রার্থী ছিলেন তিনি।
নিহতের ভাই শুকুর আলী হত্যাকাণ্ডের পরদিন সিরাজ মণ্ডলসহ ১২ জনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা করেন। তদন্ত শেষে ১৯৯২ সালের ১৪ ফেব্রুয়ারি ১৬ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয় পুলিশ।
আদালতে রাষ্ট্রপক্ষের দেওয়া তথ্য অনুযায়ী, কুষ্টিয়ার মিরপুর থানার আমবাগন গ্রামের সিরাজ স্বাধীনতার পর জাসদের রাজনীতিতে যোগ দেন। পুলিশের অবসরপ্রাপ্ত হাবিলদার রফিকুল ইসলামকে হত্যা করে তার রাইফেল দখলে নেওয়ার মাধ্যমে সিরাজের সন্ত্রাসী জগতে প্রবেশ।
কুষ্টিয়ার প্রথম অতিরিক্ত দায়রা জজ মো. আইনুল হক ১৯৯৮ সালের ২০ জানুয়ারি এ মামলার রায়ে সিরাজ মণ্ডলকে মৃত্যুদণ্ড এবং আটজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়। খালাস পান সাতজন।
নিয়ম অনুযায়ী এরপর আসামির মৃত্যুদণ্ড অনুমোদনের জন্য হাই কোর্টে যায়। পাশাপাশি ফাঁসির আসামি সিরাজ ও যাবজ্জীবন দণ্ডাদেশ পাওয়া মতিয়ার রহমান মন্টু হাই কোর্টে আপিল করেন।
শুনানি শেষে হাই কোর্ট ২০০২ সালের ৫ ফেব্রুয়ারি রায় ঘোষণা করে। রায়ে সিরাজসহ আট আসামিকে খালাস দেওয়া হয়।
সিরাজের খালাসের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ ওই বছর ২৭ নভেম্বর ‘লিভ টু আপিল’ করে। ২০০৩ সালের ২৯ জুলাই আপিল বিভাগ আপিলের অনুমতি দেয়।
ডেপুটি অ্যাটর্নি জেনারেল দিলীরুজ্জামান বলেন, “ওই সময় আপিল বিভাগ সিরাজ মণ্ডলকে আত্মসমর্পণের নির্দেশ দেয়। আত্মসমর্পণ করলে তার জামিন আবেদন বিচারিক আদালতে বিবেচনা করতে বলা হয়। সম্ভবত সে জামিনে মুক্ত।”
লিভ টু আপিল মঞ্জুরের পর রাষ্ট্রপক্ষ নিয়মিত আপিল করে, যা বুধবার শুনানির জন্য ওঠে।
শুনানি নিয়ে সংক্ষিপ্ত আদেশে আদালত বলেন, ‘অ্যালাউড’।
