কুমিল্লায় খুন হওয়া দুই শিশুর সৎ ভাই ঢাকায় গ্রেপ্তার
কুমিল্লায় দুই সহোদরকে হত্যার ঘটনায় তাদের সৎ ভাই মেহেদী আল ছোটনকে ঢাকার মালিবাগ থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
কুমিল্লার অতিরক্তি পুলিশ সুপার আবদুল্লাহ আল মামুন মঙ্গলবার সকালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “গত রাতে মালিবাগের এক বাসা থেকে ছোটনকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে কুমিল্লা নিয়ে আসা হচ্ছে।”
পরে কুমিল্লায় সংবাদ সম্মেলন করে এ বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে বলে এই পুলিশ কর্মকর্তা জানান।
গত ২৭ ফেব্রুয়ারি বিকালে কুমিল্লা সিটি করপোরেশনের ঢুলিপাড়ায় মুদি দোকানি আবুল কালামের বাড়ি থেকে তার দ্বিতীয় পক্ষের দুই ছেলে জয় (৭) ও মনির (৫) লাশ উদ্ধার করা হয়। তারা দুজনেই শহরের হাউজিং এস্টেট এলাকার হলিচাইল্ড স্কুলে পড়তো।
আসামি ছোটন
ওয়ার্ল্ড ইউনিভার্সিটির এমবিএর ছাত্র ছোটন ঢাকায় হোস্টেলে থেকে লেখাপড়া করেন। সম্প্রতি তিনি কুমিল্লায় বাবার বাড়িতে যান।
কুমিল্লা সদর দক্ষিণ থানায় ওসি মো. আইয়ুব জানান, দুই শিশুর লাশ উদ্ধারের পর থেকে তাদের সৎভাই ছোটনের কোনো খোঁজ মিলছিল না। জয় ও মনিরকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
