দুই শিশু খুন: সৎ ভাইয়ের বিরুদ্ধে মামলা
কুমিল্লায় ‘পারিবারিক কলহের জের ধরে’ দুই সহোদরকে হত্যার ঘটনায় মামলা হয়েছে সৎ ভাইয়ের বিরুদ্ধে।
শনিবার রাতে শিশুদের মা রেখা আক্তার এ মামলা দায়ের করেন বলে কুমিল্লা সদর দক্ষিণ থানায় ওসি মো. আইয়ুব জানান।
তিনি বলেন, “ রেখা আক্তারের মামলায় তার সৎ ছেলে মেহেদী আল ছোটনকে আসামি করা হয়েছে।”
শনিবার বিকালে কুমিল্লা সিটি করপোরেশনের ঢুলিপাড়ার একটি বাড়ি থেকে জয় (৭) ও মনি (৫) নামের ওই দুই শিশুর লাশ উদ্ধার করা হয়।
তারা স্থানীয় মুদি দোকানি আবুল কালামের দ্বিতীয় পক্ষের সন্তান। দুজনেই শহরের হাউজিং এস্টেট এলাকার হলিচাইল্ড স্কুলে পড়তো।
পুলিশের সন্দেহ, কালামের প্রথম স্ত্রী রোকেয়া বেগমের ছেলে ছোটন শ্বাসরোধ করে তার দুই সৎ ভাইকে হত্যা করেছে।
ওয়ার্ল্ড ইউনিভার্সিটির এমবিএর ছাত্র ছোটন ঢাকায় হোস্টেলে থেকে লেখাপড়া করেন। সম্প্রতি তিনি বাড়ি এলেও ঘটনার পর থেকে তার খোঁজ মিলছে না।
কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (দক্ষিণ) আবদুল্লাহ আল মামুন জানান, জেলা প্রশাসনের পক্ষ থেকে নিহতের পরিবারকে ২০ হাজার টাকা দেওয়া হয়েছে দাফনের জন্য। সদর থানায় করা এ মামলার আসামিকে ধরতে অভিযান চলছে।
সাম্প্রতিক সময়ে বাংলাদেশে একের পর এক শিশু নির্যাতন ও হত্যার ঘটনায় বিভিন্ন মানবাধিকার সংগঠনের পক্ষ থেকে উদ্বেগ জানানো হয়েছে।
এ প্রেক্ষাপটে কোথাও শিশু নির্যাতনের ঘটনা ঘটলে সঙ্গে সঙ্গে মামলা নিয়ে দোষীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে।
