রাজধানীতে ইয়াবার চালানসহ আটক ১০
ঢাকার দারুস সালাম এলাকা থেকে ৭০ হাজার ইয়াবার একটি চালানসহ মিয়ানমার থেকে ইয়াবা এনে দেশে বিক্রি করে এমন একটি চক্রের ১০ সদস্যকে আটক করেছে পুলিশ।
এরা হলেন- মো. নবী হোসেন ওরফে ভুট্টো, মো. আরিফুল হাসান, মিঝু হোসেন ওরফে হোসেন, মো. শরিফ সিকদার ওরফে আব্বাস, মো. ইয়াসিন, মো. মনিরুজ্জামান ওরফে মনির, মো. হামিদুল, মো. রায়হান ফরাজী, মো. তাকবির মুরাদ ওরফে মামুন এবং মো. ওবায়দুল্লাহ।
গ্রেপ্তার ১০ আসামির প্রত্যেককে পাঁচ দিন করে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন ঢাকার মহানগর হাকিম প্রণব কুমার হুই।
আদালতে পাঠানোর আগে প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা জানিয়েছনে, মিয়ানমার থেকে আসা ইয়াবা আটক ভুট্টো কক্সবাজারের মোহাম্মদ আলী, সোহেল আলী ও হারুনদের থেকে বড় বড় পরিবহনের মাধ্যমে ঢাকায় এনে মিঝু ওরফে হোসেন, মো. শরিফ সিকদার ওরফে আব্বাস, মো. হামিদুল- এদের কাছে বিক্রির জন্য সরবরাহ করত।
মনিরুল ইসলাম বলেন, “ইয়াবা বা ফেনসিডিল বাংলাদেশে তৈরি হয় না; সীমান্ত পেরিয়ে আসে। এই জাতীয় কোনো অপরাধ যেন না ঘটে সেজন্য যারা সীমান্তে দায়িত্ব পালন করেন, তাদের সংঘবদ্ধ চক্রটির বিষয়ে জানানো হবে।”
ব্রিফিংয়ে অন্যদের মধ্যে ডিএমপি উপ কমিশনার শেখ নাজমুল আলম ও মারুফ হোসেন সরদার উপস্থিত ছিলেন।
বিকালে গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক আবুল বাশার ওই ১০ জনকে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির করে রিমান্ড আবেদন করেন।
আবেদনে বলা হয়, “এই আসামিরা সংঘবদ্ধ মাদকচক্রের সদস্য। তারা এ কাজে দীর্ঘদিন ধরে সম্পৃক্ত রয়েছে। আরও ইয়াবার চালান উদ্ধার এবং চক্রের অন্য সদস্যদের ধরার জন্য তাদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ জরুরি।”
