২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

অনলাইন সংবাদপত্র নিবন্ধনের সময় ফের বেড়েছে

অনলাইন গণমাধ্যম নিবন্ধনের সময় তৃতীয়বারের মতো বাড়িয়েছে সরকার। এ দফায় সময় বাড়ানো হয়েছে এক মাস।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Feb 2016, 08:01 PM

Updated : 20 Aug 2022, 11:59 AM

সোমবার এক তথ্য বিবরণীতে জানানো হয়েছে, আগামী ৩১ মার্চ পর্যন্ত অনলাইন গণমাধ্যম নিবন্ধনের আবেদন তথ্য অধিদপ্তরে জমা দেওয়া যাবে।

‘অপসাংবাদিকতা’ রোধে সব অনলাইন গণমাধ্যমকে নিবন্ধনের আওতায় আনতে গত বছরের নভেম্বরে ১৫ ডিসেম্বর পর্যন্ত সময় বেঁধে দিয়েছিল সরকার।

এরপর দুই দফায় আবেদন জমার সময় বাড়ানো হয়। ২৯ ফেব্রুয়ারি ছিল এই আবেদন জমার শেষ দিন।

এ সংক্রান্ত সরকারি ভাষ্যে বলা হয়, “বাংলাদেশের অনলাইন পত্রিকার প্রকাশকদের পত্রিকা প্রকাশের ক্ষেত্রে সরকারি সুযোগ-সুবিধা নিশ্চিত করা ও অপসাংবাদিকতা রোধের লক্ষ্যে সরকার নিবন্ধন কার্যক্রম চালু করেছে।”

এ লক্ষ্যে নির্ধারিত নিবন্ধন ফরম ও একটি প্রত্যয়নপত্র বা হলফনামা পূরণ করে তথ্য অধিদপ্তরে জমা দিতে হচ্ছে।

আবেদন ফরম এবং প্রত্যয়নপত্রের নমুনা তথ্য অধিদপ্তরের ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে। পত্রিকাগুলোকেও তাদের অনলাইন সংষ্করণের জন্য নতুন করে আবেদন করতে হবে।

বর্তমানে ১৩৮টি অনলাইন সংবাদপত্রকে অ্যাক্রিডিটেশন কার্ড দেওয়া হয়েছে। সারা দেশের প্রায় তিন হাজার গণমাধ্যম অ্যাক্রিডিটেশন কার্ড পেয়েছে।

পুরনো খবর:

অনলাইন সংবাদপত্র নিবন্ধনের সময় বেড়েছে
অনলাইন পত্রিকা চালাতে লাগবে নিবন্ধন