তারেকের কাছে সমন পৌঁছেছে কি না জানতে চায় হাই কোর্ট
মুদ্রা পাচার মামলায় খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমানের খালাসের রায়ের বিরুদ্ধে করা আপিলের বিষয়ে জানাতে তার ঠিকানায় (লন্ডন) সমন নোটিস পৌঁছেছে কি না তা জানাতে বলেছে হাই কোর্ট।
তিন দিনের মধ্যে ঢাকার মূখ্য মহানগর হাকিমকে এবিষয়ে লিখিতভাবে জানাতে বলে ৩ মার্চ আদেশের দিন রেখেছে আদালত।
রোববার বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি আমির হোসেনের হাই কোর্ট বেঞ্চ এ আদেশ দেয়।
আদালতে দুদকের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী খুরশীদ আলম খান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শেখ এ কে এম মনিরুজ্জামান কবির।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা এই আপিলের সঙ্গে ওই মামলায় সাজার রায়ের বিরুদ্ধে তারেকের সহযোগী গিয়াস উদ্দিন আল মামুনের করা আপিলও শুনানির জন্য তালিকায় রয়েছে বলে জানান তার আইনজীবী ব্যারিস্টার কায়সার কামাল।
পরে ডেপুটি অ্যাটর্নি জেনারেল মনিরুজ্জামান কবির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, হাই কোর্টে আসা প্রতিবেদনে তারেক রহমানের বিদেশের ঠিকানায় জারি করা নোটিস পৌঁছেছে কি না সে তথ্য দেখা যাচ্ছে না।
“এ অবস্থায় আদালত তারেক রহমানের বিদেশের (বর্তমান) ঠিকানায় পাঠানো সমন নোটিস পৌঁছেছে কি না তা তিন দিনের মধ্যে ঢাকার মূখ্য মহানগর হাকিমকে লিখিতভাবে জানাতে বলা বলেছে।”
গত ১৭ ফেব্রুয়ারি হাই কোর্ট দুদকের আপিলের বিষয়টি জানাতে তারেকের বিরুদ্ধে জারি করা সমনের নোটিশ প্রতিপালন হয়েছে কি না তা ২৩ ফেব্রুয়ারির মধ্যে জানাতে নির্দেশ দিয়ে ২৪ ফেব্রুয়ারি দিন রাখে। ওই দিন আদালত শুনানি নিয়ে ২৮ ফেব্রুয়ারি দিন রাখে। এর ধারাবাহিকতায় রোববার বিষয়টি তালিকায় ওঠে।
২৪ ফেব্রুয়ারি দুদক কৌসুঁলি খুরশীদ আলম খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছিলেন, সমন নোটিস বিষয়ে আদালতের আদেশ প্রতিপালন হয়েছে; ২৮ ফেব্রুয়ারি আদেশের দিন রয়েছে।
এর আগে ওই মামলায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেককে জজ আদালতের দেওয়া খালাসের বিরুদ্ধে করা আপিল শুনানির দিন নির্ধারণের জন্য বিষয়টি ১২ জানুয়ারি তালিকায় এলে আদালত তার বিরুদ্ধে নতুন করে সমন নোটিস জারির নির্দেশ দেয়।
আদালত সমনের বিষয়টি জানিয়ে বহুল প্রচারিত একটি বাংলা ও ইংরেজি দৈনিক পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করতে বলে। এর ধারাবাহিকতায় ১৭ ফেব্রুয়ারি বিষয়টি আদালতে ওঠে।
সেদিন খুরশীদ আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আদালত সমন বিষয়ে দুটি প্রত্রিকায় বিজ্ঞপ্তি ও নোটিস জারির আদেশ দিয়েছিল। ১২ জানুয়ারির আদেশের প্রেক্ষিতে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। জারি করা সমন নোটিসও পাঠানো হয়; তবে তা প্রতিপালন হয়েছে কি না- সে বিষয়ে প্রতিবেদন আসেনি। এ অবস্থায় আদালত জারি করা ওই নোটিশ প্রতিপালন হয়েছে কি না- তা রেজিস্ট্রার দপ্তরকে জানাতে নির্দেশ দিয়ে ২৪ ফেব্রুয়ারি দিন রাখে।
ঘুষ হিসেবে আদায়ের পর ২০ কোটি টাকা বিদেশে পাচারের অভিযোগে করা মামলার রায়ে ঢাকার তৃতীয় বিশেষ জজ মো. মোতাহার হোসেন ২০১৪ সালের ১৭ নভেম্বর তারেককে বেকসুর খালাস দেন। মামলায় তার বন্ধু গিয়াসউদ্দিন আল মামুনকে দেওয়া হয় সাত বছর কারাদণ্ড ও ৪০ কোটি টাকা অর্থদণ্ড।
তারেকের রায়ের বিরুদ্ধে দুদক ওইবছর ৫ ডিসেম্বর আপিলের আবেদন করে। শুনানি শেষে গত বছর ১৯ জানুয়ারি হাই কোর্ট দুদকের আপিল গ্রহণ করে আসামি তারেককে আত্মসমর্পণ করতে নির্দেশ দেয়।
ওই আপিল শুনানির জন্য গৃহীত হওয়ার পর গত ৩ জানুয়ারি দুদক দিন ধার্যের আবেদন করে, যা ১২ জানুয়ারি তালিকায় আসে।
সেদিন আদালত থেকে বেরিয়ে খুরশীদ আলম খান বলেছিলেন, ‘আপিলের বিষয়টি জানাতে আদালত তারেকের প্রতি নতুন করে নোটিশ জারি করতে নির্দেশ দিয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আইন ও বিধি অনুসারে এই সমন জারির বিষয়ে ব্যবস্থা নিতে বলা হয়েছে।’
‘এর আগে ১৯ জানুয়ারি হাই কোর্ট দুদকের আপিল শুনানির জন্য গ্রহণ করে। তখন তার প্রতি সমন দেওয়া হলেও তা জারি না হয়ে ফেরত আসায় আদালত এ আদেশ দেয়।’
মামলাটি দায়ের থেকে শুরু করে পুরো বিচার প্রক্রিয়াই অনুপস্থিত বিএনপি চেয়ারপারসনের বড় ছেলে তারেক। গত আট বছর ধরে তিনি যুক্তরাজ্যে রয়েছেন। আত্মসমর্পণ করলে তিনি জামিন চাইতে পারবেন।
