২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অগ্নিকাণ্ডের পর বন্ধ ব্র্যাক সেন্টার

অগ্নিকাণ্ডের পর বন্ধ রাখা হয়েছে মহাখালীর ব্র্যাক সেন্টার। ভবনটির সবকিছু এখন পরীক্ষা করে দেখছে কর্তৃপক্ষ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Feb 2016, 04:58 PM

Updated : 11 Oct 2022, 07:50 PM

পুরনো খবর:

রাজধানীতে ব্র্যাক সেন্টারে অগ্নিকাণ্ড

রোববার দুপুরে ব্র্যাক সেন্টারে গিয়ে মূল ফটক বন্ধ পাওয়া যায়। সেখানে কয়েকজন আনসার সদস্যকে বসে থাকতে দেখা গেছে। এছাড়াও ফটকের সামনে রয়েছেন নিরাপত্তারক্ষীরা।

নিরাপত্তারক্ষীরা জানিয়েছেন, শনিবার সন্ধ্যায় অগ্নিকাণ্ডের পর রাতেই সেন্টার বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় হয়।

কবে ব্র্যাক সেন্টার খোলা হবে তা জানাতে পারেননি তারা।

এদিকে ব্র্যাক সেন্টার বন্ধ থাকার খবর না পাওয়ায় গাজীপুরের কালিয়াকৈর থেকে চাকরির জন্য জীবনবৃত্তান্ত দিতে এসে বিপাকে পড়েছেন আলমগীর হোসেন নামের এক ব্যক্তি।

তিনি বলেন, “হঠাৎ করে ব্র্যাক সেন্টার বন্ধ দেখে ঝামেলায় পড়ে গেছি। কোথায় সিভি জমা দেব বুঝতে পারছি না।”

এ বিষয়ে ব্র্যাক সেন্টারের পরিচালক (অ্যাডভোকেসি) কে এম মোরশেদ জানান, বন্ধের ঘোষণা শুধু নিজস্ব কর্মীদের জানানো হয়েছে।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “শনিবার রাতে দমকল বাহিনী ক্লিয়ার করে দিয়ে গিয়েছিল। কিন্তু এটা আমাদের ইন্টারনাল ফায়ার প্রসিডিওর। যদি আগুন লাগে উই নিড এ ফুল স্ট্রাকচারাল রিপোর্ট। সেটা হচ্ছে আজ (রবিবার)।

“এখন পুরো ভবনে যা যা আছে সবকিছু চেক করা হচ্ছে।”

ভবনটি নির্মাণের শুরু থেকেই প্রতি তলায় আগুন নেভানোর সব ধরনের ব্যবস্থা রয়েছে। তাছাড়া ছয় মাস পর পর ফায়ার সার্ভিসের সঙ্গে মহড়াও হয় বলে জানান তিনি।

এতকিছুর পরও আগুন লাগার কারণ জানতে চাইলে তিনি বলেন, “প্রাথমিকভাবে সিসি ক্যামেরার ফুটেজে দেখা গেছে, একটা ফ্যানের শর্ট সার্কিট হয়েছে। ফ্যানটা বন্ধ ছিল, ওটা কম্পিউটারের রুম। এটা একটা মেকানিক্যাল ফেইলিওর ছিল, তবে পরবর্তীতে তা প্রপারলি হ্যান্ডল করা হয়েছে।”

শনিবার সন্ধ্যায় ব্র্যাক সেন্টারে আগুন লাগলে দমকল বাহিনীর সদস্যরা কয়েকটি ইউনিট নিয়ে আগুন নিয়ন্ত্রণ করেন।

আগুন নিয়ন্ত্রণকারী দলের প্রধান ফায়ার সার্ভিস সদর দপ্তরের উপ-পরিচালক (ঢাকা মহানগর) মোজাম্মেল হক বলেন, “ব্র্যাক সেন্টারে আগুন নেভানোর আধুনিক সুযোগ সুবিধা রয়েছে। আগুন লাগার পর সেখানে গেলে দমকল বাহিনী তাদের সহযোগিতা পেয়েছে।”

প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিটকে আগুন লাগার কারণ হিসেবে মনে করলেও প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতি নিরূপণে তদন্ত কমিটি করা হবে বলে জানান তিনি।

এদিকে আগুনের ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়া লিফটম্যান শাকিল সুস্থ হয়ে কাজে ফিরেছেন বলে জানিয়েছেন ব্র্যাক সেন্টারের নিরাপত্তাকর্মীরা।