দেশে আন্তর্জাতিক মানের নাট্যমঞ্চ হবে: প্রধানমন্ত্রী
দেশে একটি আন্তর্জাতিক মানের নাট্যমঞ্চ নির্মাণের কথা বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শনিবার রাজধানীর বেইলি রোডের নাট্য সরণিতে বাংলাদেশ মহিলা সমিতির নবনির্মিত কমপ্লেক্স ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন,“আমার একটা আফসোস আছে। বাংলাদেশে আন্তর্জাতিক মানের খুব ভালো একটা থিয়েটার হল নাই।
“আধুনিক থিয়েটার হল,যেখানে মঞ্চ নিজে নিজে সরে যায়। মঞ্চ আর বারবার বদলাতে হয় না,সেট করতে হয় না-সে ধরনের একটা আধুনিক থিয়েটার হল করার ইচ্ছা আমার আছে।”
মঞ্চে আধুনিক প্রযক্তির ব্যবহারের কথা তুলে ধরে শেখ হাসিনা বলেন,“মঞ্চে হেলিকপ্টার নেমে যাচ্ছে,গাড়ি আসছে,ট্রেন চলে যাচ্ছে। এখন ডিজিটাল যুগ। এটা করা কোনো বিষয় না।”
সর্বাধুনিক পযুক্তিগত সুবিধা সম্বলিত নাট্যমঞ্চ করতে আর্থিক সহায়তার আশ্বাস দিয়ে প্রধানমন্ত্রী বলেন,“অর্থমন্ত্রী এ ব্যাপারে খুবই আগ্রহী। উনি বলে দিয়েছেন,যা টাকা লাগে উনি দেবেন।”
প্রধানমন্ত্রী হাসতে হাসতে অনুষ্ঠানে উপস্থিত সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূরের দিকে তাকিয়ে বলেন,“আমার সংস্কৃতিমন্ত্রী কিন্তু নাটকের লোক হয়েও এ ব্যাপারে বিশেষ একটা উদ্যোগ নিচ্ছেন না।”
ঢাকায় বা পদ্মাপাড়ে এই ধরনের একটি নাট্যমঞ্চ হতে পারে বলে মত প্রকাশ করে শেখ হাসিনা বলেন,“জায়গাও ঠিক হয়ে গেছে-এখানেও করতে পারি অথবা পদ্মা ব্রিজের সাথে কনভেনশন সেন্টার হচ্ছে, ওটার সাথে সাথে করতে পারি।”
“বছরে কখনো কখনো একবার এই চান্সটা আমি পাই।”
বেইলি রোডের নাট্য সরণিতে নাটক দেখার স্মৃতিচারণ করে শেখ হাসিনা বলেন,“আগে কী কষ্ট করে নাটক করতে হত!
“আগে নাটক দেখতে আসলে তো শুধু নাটক দেখতাম না। গ্রিনরুমে গিয়ে শিল্পীদের সঙ্গে কথা বলতাম,দেখতাম। অসুবিধাগুলো আমার খুব ভালোভাবে জানা ছিল।”
তিনি বলেন,“মহিলা সমিতির যে নাট্যমঞ্চটা সেটা আমার অনেক পরিচিত। আমি নিজে প্রায়ই এই মঞ্চে এসে নাটক দেখতাম। অনেক সময়ে লুকিয়ে লুকিয়ে আসতে হত। রাজনীতি করি,এত বেশি পরিচিতি! একটু অসুবিধে হত। টিকিট কিনে বসে থাকতাম। আর খবর নিতাম।”
বিরোধী দলীয় নেত্রী থাকাকালে মিন্টো রোডে থাকার সময়টাতে নাটক দেখতে সুবিধা হত বলে জানান আওয়ামী লীগ সভানেত্রী।
“যখন মিন্টো রোডে থাকতাম,তখন আরও বেশি সুবিধা ছিল। যখন সবাই ঢুকে গেছে তখন এসে চুপচাপ বসতাম। আমার হাতে একটা ছোট্ট টর্চ লাইট থাকত, যেন অন্ধকারে দেখতে অসুবিধা না হয়। এখন আর সেই সুযোগটা হয় না।”
মহিলা সমিতির অবকাঠামো উন্নয়নে ২০১০-১১ অর্থবছরে সরকার ‘কন্সট্রাকশন অব বাংলাদেশ মহিলা সমিতি কমপ্লেক্স বিল্ডিং ফর দ্য আন্ডার প্রিভিলেইজড উইমেন ইন দ্য সোসাইটি’ শীর্ষক প্রকল্প হাতে নেয়।
এ প্রকল্পে আইভী রহমানের নামে ২৪২ ও নীলিমা ইব্রাহিমের নামে ১৭০ আসন বিশিষ্ট দুটি পূর্ণাঙ্গ মিলনায়তন,৪৫ আসনের একটি আধুনিক সম্মেলন কক্ষ ও দুটি ভূগর্ভস্থ পার্কিং এলাকাসহ পাঁচতলা ভবন অন্তর্ভুক্ত হয়। মহিলা সমিতি,সমাজকল্যাণ মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সম্মিলিত অর্থায়নে মোট ৩৫ কোটি ৪৪ লাখ ২৯ হাজার টাকা ব্যয়ে এর নির্মাণ কাজ শেষ হয়।
প্রধানমন্ত্রী বলেন,“আমি সব সময় উৎসাহ দিয়েছিলাম-এখানে একটা ভালো অডিটোরিয়াম গড়ে উঠবে।”
“আমি অধীর আগ্রহে অপেক্ষা করে যাচ্ছিলাম,কবে এটা শেষ হবে। আমাকে উদ্বোধন করতে সুযোগ দেওয়া হয়েছে। সেজন্য আমি মহিলা সমিতির কাছে সত্যিই কৃতজ্ঞ।”
বাঙালির অধিকার আদায়ের বিভিন্ন আন্দোলনে সংস্কৃতি কর্মীদের অবদানের কথা তুলে ধরে সংস্কৃতি চর্চা এগিয়ে নেওয়ার কথা বলেন শেখ হাসিনা।
“হাজার বক্তৃতা দিয়ে যে কথা আমরা মানুষকে বুঝাতে না পারি,সে কথাগুলো একটা নাটক,একটা গান বা একটা কবিতার মধ্য দিয়ে মানুষের মনে পৌঁছে যায়। সমাজকে পরিবর্তন করা,সমাজকে আধুনিক করা,সমাজকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে সংস্কৃতির একটা বিরাট অবদান রয়েছে।”
দেশের দুঃস্থ,অবহেলিত ও সুবিধা বঞ্চিত নারী ও শিশুদের সার্বিক উন্নয়নে নানা কাজ করছে মহিলা সমিতি।
নারীদের উন্নয়নে সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষপ কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন,বাংলাদেশের স্পিকার একজন নারী,তিনি কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশনের (সিপিএ) নির্বাচিত সভাপতি। সংসদ নেতা,উপনেতা ও বিরোধী দলীয় নেত্রীও নারী।
“অন্য কোনো দেশ এটা করতে পারবে না।”
সমাজকল্যাণ প্রতিমন্ত্রী প্রমোদ মানকিন চিকিৎসার জন্য ভারতে থাকায় ওই মন্ত্রণালয়ের সচিব চৌধুরী মো. বাবুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে সমাজকল্যাণ মন্ত্রনালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি মোহাম্মদ মোজাম্মেল হোসেন বক্তব্য রাখেন।
স্বাগত বক্তব্য রাখেন মহিলা সমিতির সভানেত্রী সিতারা আহসানউল্লাহ এবং ধন্যবাদ জ্ঞাপন করেন তানিয়া বখ্ত।
পরে ফেরদৌসী মজুমদার থিয়েটারের ‘কোকিলারা’,মামুনুর রশীদ বাংলা থিয়েটারের ‘অমানুষ’,সারা যাকের নাগরিক নাট্য সম্প্রদায়ের ‘নাম-গোত্রহীন মান্টোর মেয়েরা’ এবং শিমুল ইউসুফ ঢাকা থিয়েটারের ‘যৈবতী কন্যার মন’ নাটকের উল্লেখযোগ্য অংশ অভিয়ন করেন।
