২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জমজমাট মেলায় বই কেনার হিড়িক

সকালটা শুরু হয়েছিল শিশুদের দিয়ে, বিকালে সব বয়সী হাজারো মানুষের ভিড়, আর সন্ধ্যা নামতে ‘জনসমুদ্রে’ পরিণত হয়ে কেটেছে অমর একুশে বইমেলার শেষ শুক্রবার।

মাসুম বিল্লাহ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Feb 2016, 08:28 PM

Updated : 11 Oct 2022, 07:50 PM

পুরনো খবর:

ক্ষতি পোষাতে ‘প্রণোদনা’ চান বইমেলার প্রকাশকরা
এক মিনিট নীরবতায় অভিজিৎ স্মরণ

প্রবেশ পথগুলোতে দীর্ঘ সারি আর নিরাপত্তা তল্লাশি পেরিয়ে বইপ্রেমীরা প্রবেশ করেন মেলায়, হাতে হাতে বই নিয়ে ফেরেন ঘরে।

মাসব্যাপী মেলার ২৬তম দিনে ফটক খোলে সকাল সাড়ে ১০টায়, জম্পেশ বিকিকিনি আর ব্যাপক দর্শনার্থী সমাগম নিয়ে শেষ হয় রাত ৮টায়।

সকাল সাড়ে ১০টা থেকে আড়াই ঘণ্টা নিজেদের জন্য বরাদ্দ সময়ে শিশুরা মেলাপ্রাঙ্গণে দাপিয়ে বেড়ায়, শিশু কর্নারসহ নানা প্রান্তে ঘুরে হাতে তুলে নেয় পছন্দের বই।

এ সময় বাবা-মায়ের কোলো-পিঠে চড়ে মেলায় আসে শিশুরা। পাশাপাশি আনন্দঘন সময় কাটায় টেলিভিশন অনুষ্ঠান সিসিমপুরের পাপেট চরিত্র হালুম-ইকরি ও টুকটুকির সঙ্গে।

বিকালে মেলায় ব্যাপক জনসমাগমের মধ্যে সোহরাওয়ার্দী উদ্যানের এক কোণে আগামী প্রকাশনীর সামনে কথা হয় বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা মশিউর রহমানের সঙ্গে। মেলা প্রাঙ্গণ ঘুরে চার ব্যাগে প্রায় ১০টি বই নিয়ে এগোচ্ছিলেন তিনি।

মশিউর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এক পাশ শুরু করে বই কিনতে কিনতে আসলাম। ইউপিএল থেকে দুটো, অন্যপ্রকাশ থেকে চারটা, পাঞ্জেরি থেকে শিশুদের জন্য দুটোসহ ১০টার মতো বই কিনেছি।

“সবাই তো ঘুরে ঘুরে বই কিনছে, আমিও দেখছি। দেখি আর কিছু বই সংগ্রহ করা যায় কি না।”

বৃষ্টির ধকল কাটিয়ে ওঠা মেলায় প্রত্যাশা মতো বিক্রিতে খুশি প্রকাশকদের কেউ কেউ বলেছেন, এটা তো বিক্রিরই সময়!

“একে তো মেলা শেষের দিকে, তার সঙ্গে আজ শুক্রবার। আজকে সর্বোচ্চ বিক্রির প্রত্যাশা করছি,” বলেন ঐতিহ্য প্রকাশনীর ব্যবস্থাপক আমজাদ হোসেন কাজল।

অনন্যা প্রকাশনীর মনিরুল হক বলেন, “মেলার শেষ দিকে সব সময় ঘোরাঘুরির চেয়ে বিক্রি বেশি হয়। এবারও তার ব্যতিক্রম নয়।”

বুধবারের বৃষ্টিতে তাদের অনেক ক্ষতি হয়েছে বলে জানান এই প্রকাশক।

গত এক বছরে সন্ত্রাসী হামলায় নিহত লেখক-প্রকাশকদের স্মরণে মেলায় কোনো উদ্যোগ না নিয়ে সমালোচনার মুখে পড়া বাংলা একাডেমি এদিন স্মরণ করল লেখক অভিজিৎ রায়কে।

গত বছর এই দিনে মেলা থেকে বেরিয়ে টিএসসির সামনে সন্ত্রাসীদের চাপাতির আঘাতে প্রাণ হারিয়েছিলেন বিজ্ঞানমনস্ক লেখক অভিজিৎ, যিনি বইমেলা উপলক্ষে স্ত্রীকে নিয়ে যুক্তরাষ্ট্র থেকে দেশে এসেছিলেন।

মুক্তমনা লেখক অভিজিৎ রায়ের স্মরণে বিকালে মেলায় এক মিনিট নীরবতা পালন করা হয়। তবে বাংলা একাডেমি কর্তৃপক্ষ আগে থেকে এ বিষয়ে কোনো ঘোষণা না দেওয়ায় অনেকেই কর্মসূচিতে অংশ নিতে পারেননি বলে অভিযোগ করেছেন প্রকাশকদের অনেকে।

একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান বিকাল ৪টায় বইমেলার মূলমঞ্চে আলোচনা সভার আগে অভিজিতের স্মরণে এক মিনিট নীরবতা পালনের ঘোষণা দেন।

এরপর মঞ্চে ও এর সামনের দর্শক-শ্রোতারা দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করেন। তথ্যকেন্দ্র থেকে ঘোষণা দিয়েও সেখানে এক মিনিট নিরবতা পালন করা হয়।

মূলমঞ্চের সামনে দুই পাশে অভিজিৎ হত্যাকাণ্ডের বিচার চেয়ে দুটি ব্যানার টানানো হয়, যাতে লেখা ছিল, “গত বছরের এই দিনে অভিজিৎ রায়ের নিষ্ঠুর হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানাই। অবিলম্বে হত্যাকারীদের গ্রেফতার ও বিচার দাবি করছি।”

বিকেল সোয়া ৪টার দিকে মেলার সোহরাওয়ার্দী উদ্যান প্রাঙ্গণে মোড়ক উন্মোচন মঞ্চে এক সংবাদ সম্মেলন থেকে আগামী বছর থেকে বইমেলা আয়োজনের দায়িত্ব প্রকাশকদের হাতে তুলে দেওয়ার দাবি জানায় বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতি।

বৃষ্টির ক্ষতি পোষাতে বইমেলার বাকি দিনগুলোতে সময় বাড়িয়ে বেলা ১১টা থেকে রাত ৯টা করার দাবি জানান তারা।

সংবাদ সম্মেলনে সমিতির সভাপতি্ আগমী প্রকাশনীর মালিক ওসমান গণি বলেন, “বইমেলাকে এই পর্যায়ে নিয়ে আসার ক্ষেত্রে প্রকাশকরাই ভূমিকা রেখেছেন। বইমেলা প্রকাশকদের, প্রকাশকরা বর্তমানে বইমেলা আয়োজনের সক্ষমতা অর্জন করেছে।

“আগামী বছর থেকে বইমেলার আয়োজন এবং পরিচালনার ভার প্রকাশকদের হাতে ছেড়ে দেওয়া হোক।”

এদিকে ২৬তম দিনে মেলায় নতুন বই এসেছে ১৯৬টি।

বিকালে মেলার মূলমঞ্চে অনুষ্ঠিত হয় ‘২০২১ সালের বাংলাদেশ’ শিরোনামে আলোচনা সভা। এতে প্রবন্ধ উপস্থাপন করেন অর্থনীতিবিদ মোহাম্মদ ফরাসউদ্দিন। আলোচনায় অংশ নেন খোন্দকার ইব্রাহিম খালেদ, মুহম্মদ জাফর ইকবাল ও রাশিদ আশকারী।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন অধ্যাপক এ কে আজাদ চৌধুরী।

এর আগে অমর একুশে উপলক্ষে একাডেমি আয়োজিত শিশু-কিশোর চিত্রাঙ্কন, সংগীত, সাধারণ জ্ঞান ও উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার দেওয়া হয়।