ক্ষতি পোষাতে ‘প্রণোদনা’ চান বইমেলার প্রকাশকরা
বৃষ্টির ক্ষতি পোষাতে মাসের বাকি দিনগুলোতে অমর একুশে বইমেলা বেলা ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত খোলা রাখার দাবি জানিয়েছেন প্রকাশকরা।
আগামীতে বইমেলা আয়োজনের ভারও প্রকাশকদের কাছে দেওয়ার প্রস্তাব করেছেন তারা।
শুক্রবার বিকেল সোয়া ৪টায় মেলার সোহরাওয়ার্দী উদ্যান প্রাঙ্গণের মোড়ক উন্মোচন মঞ্চে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতির সভাপতি ওসমান গণি।
তিনি বলেন, “মেলা প্রাঙ্গণ সমতল রাখার কথা বলা হলেও বাংলা একাডেমি সেটা করেনি। এছাড়া অবকাঠামোগত অনেক অব্যবস্থাপনাও থেকে গেছে।
“আমরা ক্ষতিগ্রস্ত প্রকাশকদের ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানাচ্ছি। এখন থেকে মেলা প্রতিদিন বেলা ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত খোলা রাখার দাবি করছি।”
সংবাদ সম্মেলনে ওসমান গণি আগামী বছর থেকে বইমেলা আয়োজনের দায়িত্ব প্রকাশকদের হাতে তুলে দেওয়ার দাবি জানান।
আগামী প্রকাশনীর এই প্রকাশক বলেন, “বইমেলাকে এই পর্যায়ে নিয়ে আসার ক্ষেত্রে প্রকাশকরাই ভূমিকা রেখেছেন। বইমেলা প্রকাশকদের, প্রকাশকরা বর্তমানে বইমেলা আয়োজনের সক্ষমতা অর্জন করেছে। আগামী বছর থেকে বইমেলার আয়োজন এবং পরিচালনার ভার প্রকাশকদের হাতে ছেড়ে দেওয়া হোক।”
“আমরা গত ছয় বছর ধরে কলকাতা বইমেলায় বাংলাদেশ প্যাভিলিয়ন করে আসছি। সুতরাং এখন একাডেমির উচিত মেলা আমাদের হাতে ছেড়ে দিয়ে নিজের গবেষণা কাজে মনোযোগ দেওয়।”
এদিকে প্রকাশকদের এই দাবিকে সাধুবাদ জানিয়েছেন বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান।
তিনি সাংবাদিকদের বলেন, “আমরা আনন্দিত। শুনে খুবই খুশি হয়েছি। তাহলে তারা আয়োজন করুক।”
শুরুতেই মুক্তমনা লেখক অভিজিৎ রায়, জাগৃতির প্রকাশক ফয়সাল আরেফিন দীপনকে খুন এবং শুদ্ধস্বরের আহমেদুর রশীদ চৌধুরী টুটুলকে হত্যাচেষ্টার বিচার দাবি করেন ওসমান গনি।
তিনি বলেন, “এ ধরনের হত্যাকাণ্ড সৃষ্টিশীলতা ও মুক্তচিন্তার পথে বাঁধা। এর ফলে সরকার পিছিয়ে পড়বে।”
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন অনুপম প্রকাশনীর স্বত্ত্বাধিকারী মিলনকান্তি নাথ।
এ সময় তিনি বাংলা একাডেমির কাছে প্রকাশকদের দেওয়ার চিঠিতে ‘মেলার পরিবেশ বিঘ্নকারী’ ১২টি অভিযোগের মধ্যে ১১টি তুলে ধরেন।
এ সময় অন্যদের মধ্যে অনন্যা প্রকাশনীর স্বত্ত্বাধিকারী মনিরুল হক ও চারুলিপি প্রকাশনের হুমায়ূন কবির বক্তব্য দেন।
