সাক্ষী আসে না, বিচার এগোয় না নিতাই হত্যার
একের পর এক সাক্ষীর অনুপস্থিতিতে মাঝপথে আটকে আছে আলোচিত ডা. নারায়ণ চন্দ্র দত্ত নিতাই হত্যা মামলার বিচার কাজ।
ঢাকার বক্ষব্যাধি হাসপাতালের সহকারী অধ্যাপক নিতাই ক্ষমতাসীন আওয়ামী লীগ সমর্থক স্বাধীনতা চিকিৎসক পরিষদের নেতা ছিলেন।
চার বছর আগের এ হত্যা মামলার বিচার চলছে ঢাকার ১০ নম্বর বিশেষ জজ আদালতে। রাষ্ট্রপক্ষে ২৯ জন সাক্ষীর মধ্যে ত্রয়োদশ সাক্ষী তার জবানবন্দি দেন ২০১৪ সালের শেষদিকে। এরপর গত বছরের ১৪ জানুয়ারি থেকে এখন পর্যন্ত ১৩টি তারিখ পেরোলেও আর কোনো সাক্ষী আদালতে আসেননি।
এর আগের বিচারক বদলি হয়ে এ আদালতে নতুন বিচারক এসেছেন মো. জালাল উদ্দিন। সাক্ষী না আসায় তার পক্ষে একজনের সাক্ষ্যও নেওয়া সম্ভব হয়নি।
এরইমধ্যে গত হয়েছেন ডা. নিতাইয়ের বাবা মামলার বাদী তড়িৎ কান্তি দত্ত। গত বছরের ৫ জানুয়ারি মারা যান তিনি। নিতাইয়ের মা মঞ্জু রাণী দত্তও বর্তমানে শয্যাশায়ী।
এ পরিস্থিতিতে মাও ছেলে হত্যার বিচার দেখে যেতে পারবেন না বলে ভরসা করতে পারছেন না নিহতের ভাই গোপাল কৃষ্ণ দত্ত।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “বড় হতাশা নিয়ে বাবা চলে গেছেন। নিতাই খুন হওয়ায় মনোবেদনায় তার শরীর ভেঙে পড়েছিল।
“আর মায়ের অবস্থাও একই রকম। কোনো আশা বা সান্ত্বনাই তাকে সারিয়ে তুলতে পারছে না। মনে হয় তিনিও বিচারের শেষ দেখে যেতে পারবেন না।”
২০১২ সালের ২৩ আগস্ট ভোররাতে মহাখালীর বক্ষব্যাধি হাসপাতালের আবাসিক ভবনে খুন হন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের নির্বাহী পর্ষদের সদস্য ডা. নারায়ণ চন্দ্র দত্ত নিতাই।
ওই রাতে তার দোতলা বাড়িতে শুধু মা ছিলেন। তার স্ত্রী ডা. লাকী চৌধুরী ছিলেন চট্টগ্রামে।
ডা. নিতাই খুন হওয়ার পরদিন বনানী থানায় মামলা করেন তার বাবা। তদন্ত শেষে গোয়েন্দা পুলিশের পরিদর্শক গাজী আতাউর রহমান ২০১৩ সালের ১১ ফেব্রুয়ারি দশজনকে আসামি করে ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
কারাগারে থাকা এই দশ আসামি হলেন- কামরুল হাসান অরুণ, মিন্টু ওরফে মাসুম মিন্টু ওরফে বারগিরা মিন্টু, মো. রফিকুল ইসলাম, মো. হোসেন মিজি , মো. বকুল মিয়া, মো. সাইদ ব্যাপারী ওরফে আবু সাঈদ, ফয়সাল, মাসুম ওরফে পেদা মাসুম, মো. আবুল কালাম ওরফে পিচ্চি কামাল ও সাইদুল।
আসামিদের মধ্যে রফিকুল, বকুল, মিন্টু, কামরুল ও সাঈদকে পরে সংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যা মামলাতেও গ্রেপ্তার দেখানো হয়। আর অরুণ এক সময় চিকিৎসক নিতাইয়ের গাড়িচালক ছিলেন।
ফয়সাল, পেদা মাসুম, সাইদুল, আবুল কালাম, মিন্টু ও রফিকুল ইসলাম তদন্ত চলাকালে দোষ স্বীকার করে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।
হত্যাকাণ্ডের আসামিরা (ফাইল ছবি)
অবশ্য নিতাইয়ের পরিবারের সন্দেহ ছিল, বক্ষব্যাধি হাসপাতালে নিয়োগ নিয়ে এই হত্যাকাণ্ড ঘটে।
২০১৩ সালের ২২ জুলাই মামলাটিতে অভিযোগ গঠনের পর পরের বছরের ২৮ জানুয়ারি বাদী তড়িৎ কান্তি দত্তের সাক্ষ্য গ্রহণের মধ্য দিয়ে এ মামলার বিচার শুরু হয়।
পরে ওই বছরের ১৬ সেপ্টেম্বর নিতাইয়ের স্ত্রী ডা. লাকী চৌধুরী, নিতাইয়ের ভাই গৌতম দত্ত, ১৫ অক্টোবর আত্মীয় সুদত্ত চৌধুরী, শাশুড়ি ডলি চৌধুরী সাক্ষ্য দেন।
সে বছরই সাক্ষ্য দেন আসামিদের ১৬৪ ধারার স্বীকারোক্তিমূলক জবানবন্দি গ্রহণকারী হাকিম কেশব রায় চৌধুরী ও শাহরিয়ার মাহমুদ আদনান।
অভিযোগপত্রে সাক্ষী হিসেবে মোট ২৯ জনের নাম উল্লেখ করা হয়। তাদের মধ্যে এ পর্যন্ত ১৩ জনের সাক্ষ্যগ্রহণ হয়েছে বলে এ আদালতের পেশকার ইমরুল ইসলাম ও রাষ্ট্রপক্ষের আইনজীবী সহকারী পিপি আবু নাসের জানিয়েছেন।
পেশকার ইমরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আগামী ধার্য তারিখ ১৩ মার্চ সাক্ষী মহাখালী সাততলা বস্তির আ. রহিম, মো. ইব্রাহীম এবং বক্ষব্যাধি হাসপাতালের কর্মচারী মানিক চন্দ্র দাসকে হাজির করার জন্য আদালত থেকে অজামিনযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।
আসামি নিতাইয়ের গাড়িচালক কামরুল হাসান অরুণ ২০১৪ সালের ১৫ অক্টোবর কাঠগড়ায় দাঁড়িয়ে বিচারকের উদ্দেশ্যে অশোভন আচরণ, অশ্রাব্য কথাবার্তা বলতে থাকেন।
পেশকার ইমরুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এর আগেও অরুণ কাঠগড়ায় দাঁড়িয়ে বিচারক ও রাষ্ট্রপক্ষের আইনজীবীদের উদ্দেশ্য করে এ রকম আচরণ করেন।
