সোনারগাঁও হোটেলের ‘অনিয়ম’ তদন্তে সংসদীয় কমিটি
সোনারগাঁও হোটেলের ব্যবস্থাপনায় অনিয়মের অভিযোগ তদন্তে সংসদীয় উপ-কমিটি গঠন করেছে বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি।
বৃহস্পতিবার সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয় বলে সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটির আহ্বায়ক করা হয়েছে কমিটির সদস্য তানভীর ইমামকে। উপ-কমিটিকে অভিযোগের তদন্ত শেষ করে কমিটির বৈঠকে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
সোনারগাঁও হোটেলে ‘ক্যান্টিন বয়কে’ ব্যবস্থাপনা পদে নিয়োগসহ বেশকিছু অনিয়মের অভিযোগ সম্প্রতি গণমাধ্যমে আসে। এরই পরিপ্রেক্ষিতে কমিটি তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে।
সংসদীয় কমিটি ঢাকা থেকে ইতালির রোম রুটে পুনরায় যাত্রীবাহী বিমান চালু করা যায় কি না তা পুনর্মূল্যায়ন করে মন্ত্রণালয়কে প্রতিবেদন দিতে বলেছে।
যাত্রীসেবার মান ঠিক রাখতে বিমান বন্দরগুলোর গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের যন্ত্রপাতি কিনতে আগামী এক মাসের মধ্যে সুনির্দিষ্ট অগ্রগতি দেখানোর সুপারিশও করা হয়েছে।
কমিটি সভাপতি মুহাম্মদ ফারুক খানের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই বৈঠকে অংশ নেন বিমান ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেমন, তানভীর ইমাম, নজরুল ইসলাম চৌধুরী, কামরুল আশরাফ খান, আফতাব উদ্দীন সরকার, রওশন আরা মান্নান ও সাবিহা নাহার।
