আমের কার্টনে ফেন্সিডিল: ‘সেই ব্যবসায়ী’ গ্রেপ্তার
রাজধানীর গাবতলী বাস টার্মিনালে ফরমালিনবিরোধী অভিযানে আমের কার্টনে পাওয়া বিপুল পরিমাণ ফেন্সিডিলের মালিককে গ্রেপ্তারের দাবি জানিয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
তারা বলছে, মো. তারেক (২৭) নামে ওই যুবককে সম্প্রতি কুমিল্লা থেকে গ্রেপ্তারের পর আদালতের মাধ্যমে রিমান্ডেও নেওয়া হয়েছে সহযোগীদের ধরতে।
২০১৪ সালের ১৮ জুন গাবতলী বাস টার্মিনালে বিএসটিআইর ফরমালিনবিরোধী অভিযান চলার সময় কয়েকটি আমের কার্টনে বিপুল পরিমাণ ফেন্সিডিল পাওয়া যায়। এসময় তার মালিক কৌশলে সরে পড়েন।
এই ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দারুস সালাম থানায় মামলা হয়। কার্টনে শুধু মোবাইল নম্বর থাকলেও থানা পুলিশ তদন্ত করে কিছু বের করতে না পেরে আদালতে চূড়ান্ত প্রতিবেদন দেয়।
পিবিআইর ঢাকা মেট্রোর বিশেষ পুলিশ সুপার মো. আবুল কালাম আজাদ বৃহস্পতিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আদালত চূড়ান্ত প্রতিবেদন গ্রহণ না করে মামলাটি পিবিআইকে তদন্ত করার নির্দেশ দেয়।
শুধু ওই মোবাইল নম্বর দিয়ে প্রায় দেড় বছর তদন্ত করে মূল আসামির অবস্থান সনাক্ত করা হয়। এরমধ্যে তার ফোনের অবস্থান কখনও চট্টগ্রাম কখনও কুমিল্লা দেখা গেছে। আবার দীর্ঘসময় মোবাইল বন্ধও পাওয়া গেছে।
এরপর মোটামুটি নিশ্চিত হওয়ার পর কুমিল্লার কোতয়ালী থানার পশ্চিম রেইসকোর্স এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
“রাজশাহীর সীমান্ত দিয়ে ফেন্সিডিল এনে কৌশলে ঢাকায় সরবরাহ করত তারেক। ঢাকায় যারা ফেন্সিডিল সরবরাহ করে থাকে তাদের মধ্যে শীর্ষে রয়েছে তারেক,” বলেন পিবিআই কর্মকর্তা আজাদ।
তারেকের বিরুদ্ধে রাজশাহীসহ বিভিন্ন জেলায় মাদক মামলা রয়েছে জানিয়ে তিনি বলেন, তাকে রিমান্ডে নিয়ে তার সহযোগীদের তথ্য জেনে তাদেরকেও গ্রেপ্তারের চেষ্টা চলছে।
