কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ বিল সংসদে পাস
কক্সবাজারকে পরিকল্পিত পর্যটন নগরী হিসেবে গড়ে তুলতে ‘কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ বিল-২০১৬’ জাতীয় সংসদে পাস হয়েছে।
বৃহস্পতিবার গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন সংসদে বিলটি পাসের প্রস্তাব করার পর সেটি কণ্ঠভোটে পাস হয়।
এর আগে গত বছরের ১০ নভেম্বর বিলটি সংসদে তোলেন গণপূর্তমন্ত্রী। পরে সেটি পরীক্ষা করে সংসদে প্রতিবেদন দেওয়ার জন্য গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়।
বিলে একজন চেয়ারম্যানসহ ১৪ জন সদস্য নিয়ে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ গঠনের কথা বলা হয়েছে।
কর্তৃপক্ষকে মাস্টারপ্ল্যান প্রণয়ন, ভূমি জরিপ, গবেষণা ও যোগাযোগসহ বিভিন্ন কাজের ক্ষমতা দেওয়া হয়েছে।
কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কক্সবাজার এলাকায় ইমারত নির্মাণ, পাহাড় কাটা যাবে না বলে বিলে বিধান রাখা হয়েছে। এই নিয়ম ভাঙলে দুই বছরের কারাদণ্ড ও ১০ লাখ টাকা অর্থদণ্ডের বিধান রাখা হয়েছে।
অনিয়মের জন্য ভ্রাম্যমাণ আদালতে শাস্তি দেওয়ার এখতিয়ারও রাখা হয়েছে।
বিলে আরও বলা হয়, আইন কার্যকর হবার পর অন্য কোনো স্থানীয় কর্তৃপক্ষ বা পৌরসভা কোনো ইমারত নির্মাণের নকশা অনুমোদন করতে পারবেনা।
বিলের উদ্দেশ্য ও কারণ সম্পর্কে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী বলেন, “একটি আধুনিক ও আন্তর্জাতিকমানের পর্যটন নগরী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কক্সবাজারের আবাসন, হোটেল, মোটেল ও রাস্তাসহ অন্য সব নাগরিক ও পর্যটন সুবিধা পরিকল্পিভাবে বৃদ্ধি করা প্রয়োজন।
“আইনটি প্রবর্তন করা হলে কক্সবাজার ও তার সন্নিহিত এলাকার সমন্বয়ে একটি আধুনিক ও আকর্ষণীয় পর্যটন নগরী প্রতিষ্ঠার স্বার্থে উক্ত অঞ্চলের সুপরিকল্পিত উন্নয়ন নিশ্চিত করা যাবে।”
