২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ধর্মঘটের হুমকি সিএনজি অটোরিকশা চালকদের

ঢাকায় মিটারে চলতে বাধ্য করতে নিয়ন্ত্রক কর্তৃপক্ষ বিআরটিএর জোর অভিযানের মধ্যে ‘পুলিশি হয়রানির’ প্রতিবাদে ধর্মঘটে যাওয়ার হুমকি দিয়েছে সিএনজি অটো রিকশাচালকরা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Feb 2016, 12:13 AM

Updated : 20 Aug 2022, 11:57 AM

বুধবার জাতীয় প্রেস ক্লাবে এক মানববন্ধন কর্মসূচিতে তারা পুলিশের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলে এই হুমকি দেন।

মাত্র চার মাস আগে প্রায় দ্বিগুণ বাড়িয়ে নির্ধারণ করা নতুন মিটার পদ্ধতির ভাড়া ‘পোষায় না’ বলে চালকদের দাবি।

মানববন্ধনের আয়োজক ঢাকা জেলা ফোর স্ট্রোক অটো রিকশা (সিএনজি) ড্রাইভার্স ইউনিয়নের সভাপতি রফিকুল ইসলাম বলেন, “প্রকৃত চালকদের সঙ্গে পরামর্শ ছাড়াই মালিকদের কাছে দৈনিক জমা হিসাবে ৯০০ টাকা নির্ধারণ করা হয়েছে, যা পরিশোধ করা কষ্টকর। সে কারণে চালকরা মিটারে চলতে চেয়েও পারছেন না।”

জমার পরিমাণ ৯০০ টাকা থেকে কমিয়ে ৬০০ টাকা করার দাবি জানান চালকরা। নইলে ২ মার্চ থেকে ধর্মঘটের হুমকি দেন চালকরা।

চালকদের আরও কয়েকটি দাবি হল ২০০৭ সালের গেজেট অনুযায়ী শ্রমিকদের/চালকদের নিয়োগপত্র ও আইডি কার্ড বাধ্যতামূলক করা, ঢাকা মহানগরীতে থ্রি হুইলারের বৈধ চালকদের মাঝে ৫ হাজার সিএনজি নিঃশর্তভাবে বিতরণ, মহানগরীতে মিটারবিহীন গাড়ি (প্রাইভেট গাড়ি) নিষিদ্ধ।

মানববন্ধনে অংশ নেওয়া প্রায় দুইশ’ চালকের সামনের ব্যানার ছিল নৌ-পরিবহনমন্ত্রী শাজাহান খানের ছবি। নিবন্ধিত এই সংগঠনটি নৌমন্ত্রীর নেতৃত্বাধীন বাংলাদেশ সড়ক পরিবহন-শ্রমিক ফেডারেশনের অন্তর্ভুক্ত বলেও জানান আয়োজকরা।