‘রমনা পার্কে ছায়ানটের বর্ষবরণ ছাড়া অন্য অনুষ্ঠান নয়’
ছায়ানটের বর্ষবরণ ছাড়া রমনা পার্কে অন্য কোনো অনুষ্ঠানের অনুমতি দেওয়া হবে না জানিয়েছেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী মোশাররফ হোসেন।
রমনা পার্কের সার্বিক বিষয় দেখভালে নাগরিক সমাজ, পরিবেশবিদ ও সরকারি কর্মকর্তাদের নিয়ে একটি কমিটি করা হবে বলেও জানিয়েছেন তিনি।
রমনা পার্কের সৌন্দর্য, উপযোগিতা ও ঐতিহ্য সুরক্ষা নিয়ে মঙ্গলবার রাজধানীর এক আলোচনা সভায় মন্ত্রী এসব কথা বলেন বলে মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
গণপূর্ত মন্ত্রী বলেন, রমনা পার্কের ঐতিহ্যবাহী বৃক্ষ ও গাছ সংরক্ষণ, প্রয়োজনীয় বৃক্ষ রোপন, অপ্রয়োজনীয় গাছ অপসারণ ও সৌন্দর্য বর্ধনে যা কিছু করণীয়- সেসব বিষয়ে এ সংক্রান্ত কমিটি সিদ্ধান্ত নেবে।
“সেই সিদ্ধান্ত বাস্তবায়নে মন্ত্রণালয় প্রয়োজনীয় প্রশাসনিক, আর্থিক ও কারিগরি সহায়তা দেবে।”
রমনার বটমূলে বর্ষবরণের এই ছবি বাংলা ১৪২২ সনের; ছায়ানটের এই বর্ষবরণ আয়োজন ছাড়া পার্কটিতে আর কোনো অনুষ্ঠান করতে অনুমতি না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। ছবি: মুস্তাফিজ মামুন
বাংলাদেশ পরিবেশ আন্দোলন রাজধানীর বাংলাদেশ কৃষিবিদ ইনস্টিটিউটে এই আলোচনা সভার আয়োজন করেন।
সভায় স্থপতি তুঘলক আজাদ জানান, ৬৮৫ একর জায়গায় গড়ে তোলা রমনা পার্কে কুসুম বিথি, সোনালু, নাগেশ্বর বিথি, অশোক, শতবর্ষী মহুয়া, শতবর্ষী দেশি গাব গাছ, দেশি বাদাম, অঞ্জন, বটসহ ২০ প্রকারের গাছ রয়েছে।
অধ্যাপক মুনতাসির মামুনের সভাপতিত্বে এই সভায় গৃহায়ন ও গণপূর্ত সচিব মঈনউদ্দীন আবদুল্লাহ, অধ্যাপক দ্বিজেন শর্মা, স্থপতি মোবাশ্বের হোসেন ও ইকবাল হাবিব, রমনা ফেডারেশন অব ওয়াকার্স অ্যাসোসিয়েশনের এ আর খান, স্থপতি ইনস্টিটিউটের সভাপতি সাঈদ, বাংলাদেশ পরিবেশ আন্দোলনের সাধারণ সম্পাদক মো. আব্দুল মতিন উপস্থিত ছিলেন।
