২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বেতন বাড়ছে নিম্ন আদালতের বিচারকদের

অষ্টম বেতন কাঠামোর সঙ্গে সমন্বয় করে নিম্ন আদালতের বিচারকদের বেতন ও সুযোগ-সুবিধা বাড়ানোর প্রস্তাবে সায় দিয়েছে মন্ত্রিসভা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Feb 2016, 01:13 PM

Updated : 20 Aug 2022, 11:55 AM

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সোমবার সচিবালয়ে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে ‘বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস সদস্যদের বেতন, ভাতা এবং অন্যান্য সুযোগ-সুবিধাদি নির্ধারণ’ প্রস্তাব অনুমোদন পায়।

এর ফলে নিম্ন আদালতের বিচারকরা চাকরিতে ঢোকার পর ৩০ হাজার ৯৩৫ টাকা মূল বেতন পাবেন। আর জ্যেষ্ঠ জেলা জজদের সর্বনিম্ন মূল বেতন হবে ৭৮ হাজার টাকা।

বৈঠকের পর মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের বলেন, “পে-কমিশনের সুপারিশ একটু পুনর্বিন্যাস করে জুডিশিয়াল সার্ভিস কমিশনের সদস্যদের বেতন-ভাতা নির্ধারণ করা হয়েছে।”

তিনি জানান, ২০১৫ সালের ১ জুলাই থেকে নতুন বেতন কার্যকর হবে।

সবশেষ ২০০৯ সালে নিম্ন আদালতের বিচারকদের বেতান-ভাতা বাড়ানো হয়েছিল।

মন্ত্রিপরিষদ সচিব জানান, জ্যেষ্ঠ জেলা জজের মূল বেতন ৪০ হাজার টাকা থেকে বাড়িয়ে ৭৮ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। ফলে তারা সচিবের সমান বেতন পাবেন।

এছাড়া জেলা জজদের বেতন ৩৬ হাজার টাকা থেকে বাড়িয়ে ৭০ হাজার ৯২৫, অতিরিক্ত জেলা জজদের বেতন ৩২ হাজার টাকা থেকে বাড়িয়ে ৬২ হাজার ৩৫০, যুগ্ম-জেলা জজদের বেতন ২৮ হাজার টাকা থেকে বাড়িয়ে ৫৪ হাজার ৩৭০ টাকা করা হয়েছে।

আর জ্যেষ্ঠ সহকারী জজদের বেতন ২৩ হাজার টাকা থেকে বাড়িয়ে ৪৪ হাজার ৪৫০ ও সহকারি জজদের বেতন ১৬ হাজার টাকা থেকে বাড়িয়ে ৩০ হাজার ৯৩৫ টাকা করা হয়েছে বলে জানান শফিউল আলম।

জ্যেষ্ঠ জেলা জজদের বেতন ৯৫ শতাংশ, জেলা জজদের ৯৭ দশমিক শূন্য এক শতাংশ, অতিরিক্ত জেলা জজদের ৯৪ দশমিক ৮৪ শতাংশ, যুগ্ম-জেলা জজদের ৯৪ দশমিক ১৮ শতাংশ, জ্যেষ্ঠ সহকারী জজদের ৯৩ দশমিক ২৬ শতাংশ এবং সহকারী জজদের বেতন ৯৩ দশমিক ৩৪ শতাংশ বাড়ছে।

অন্য সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মত বিচারকদেরও পেনশন সুবিধা ৮০ শতাংশ থেকে বাড়িয়ে ৯০ শতাংশ করা হয়েছে বলে জানান শফিউল আলম।

তিনি বলেন, অন্য সরকারি চাকুরেদের মত অর্জিত ছুটি নগদায়ন করে অবসরোত্তর ছুটি (পিআরএল) ছয় মাস বাড়িয়ে আঠার মাস করতে পারবেন বিচারকরা।

“এছাড়া নিম্ন আদালতের বিচারকরাও মূল বেতনের ২০ শতাংশ হারে বাংলা নববর্ষ ভাতা পাবেন।”

তবে বিচারকদের বিভিন্ন ভাতা বাড়ছে না জানিয়ে মন্ত্রিপরিষদ সচিব বলেন, ২০১৫ সালের ৩০ জুন বিচারকরা যে ভাতা পেতেন, এখন সেই পরিমাণ ভাতাই পাবেন। অষ্টম বেতন কাঠামোয় সরকারি চাকুরেদেরও ভাতা বাড়ায়নি সরকার।

বিচারকরা জুডিশিয়াল, চিকিৎসা, বাড়িভাড়া, উৎসব, শ্রান্তি বিনোদন, পোশাক, কার্যভার, ভ্রমণ, পাহাড়ি, আপ্যায়ন, শিক্ষা সহায়তা, প্রশিক্ষণ (জুডিশিয়াল প্রশিক্ষণ প্রতিষ্ঠানে কাজ করলে), চৌকি, মাতৃত্বকালীণ, পোশাক ও টেলিফোন ভাতা পান বলে জানান মন্ত্রিপরিষদ সচিব।

বৃক্ষ সংরক্ষণ ও চা আইনের খসড়া অনুমোদন

পরিবেশের স্বার্থে দেশের পুরানো ও ঐতিহ্যবাহী গাছ সংরক্ষণে মন্ত্রিসভা ‘বৃক্ষ সংরক্ষণ আইন-২০১৬’ এর খসড়ার নীতিগত অনুমোদন দিয়েছে বলে জানান শফিউল আলম।

তিনি বলেন, “জীববৈচিত্র যথাযথভাবে সংরক্ষণের উদ্দেশ্যে প্রাকৃতিক বনাঞ্চল ছাড়াও সংরক্ষিত ও পুরনো বন ও গাছের আবর্তনকাল উত্তীর্ণের পরও সংরক্ষণ করতে হবে।”

“মন্ত্রিসভা ব্যাপক পর্যালোচনা করে বৃক্ষ সংরক্ষণ আইনের খসড়া নীতিগত অনুমোদন দিয়েছে। পরীক্ষা-নিরীক্ষা করে আইনটি চূড়ান্ত অনুমোদনের জন্য আবার মন্ত্রিসভায় আনতে হবে।”

সোমবারের মন্ত্রিসভা বৈঠকে ‘চা আইন ২০১৬’ এর খসড়ার চূড়ান্ত অনুমোদন পেয়েছে বলেও জানান মন্ত্রিপরিষদ সচিব।

তিনি বলেন, আদালতের নির্দেশনা অনুযায়ী সামরিক শাসনামলে জারি করা আইন নতুন করে বাংলায় প্রণয়নের বাধ্যবাধকতা রয়েছে। তাই ১৯৭৭ সালের চা আইনকে ইংরেজি থেকে বাংলায় ভাষায় রূপান্তার করে পুনর্বিন্যাস করা হয়েছে।

নতুন আইনে কিছু সংজ্ঞা যোগ করা ছাড়াও কিছু সংজ্ঞাকে স্পষ্ট করা হয়েছে বলে জানান মন্ত্রিপরিষদ সচিব।

তিনি বলেন, “এটি মূলত চা বোর্ডের গঠন ও ব্যবস্থাপনা সংক্রান্ত আইন। আইন লঙ্ঘন করলে সর্বোচ্চ দুই বছরের জেল অথবা ৫০ হাজার টাকা অর্থদণ্ডের বিধান রাখা হয়েছে।”

পুরনো খবর:

জুডিশিয়াল সার্ভিস বেতন কমিশনের প্রতিবেদন পর্যালোচনায় কমিটি