জুডিশিয়াল সার্ভিস বেতন কমিশনের প্রতিবেদন পর্যালোচনায় কমিটি
নিম্ন আদালতের বিচারকদের বেতন-ভাতা নিয়ে এ সংক্রান্ত কমিশনের প্রতিবেদন পর্যালোচনা করে সুপারিশ দিতে একটি মন্ত্রিসভা কমিটি গঠন করেছে সরকার।
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতকে সভাপতি করে মঙ্গলবার মন্ত্রিপরিষদ বিভাগ নয় সদস্যের এই কমিটি গঠনের আদেশ জারি করেছে।
আনুষঙ্গিক সব দিক পর্যালোচনা করে নিম্ন আদালতের বিচারকদের বেতন-ভাতা ও অন্য সুযোগ-সুবিধা সংক্রান্ত বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস পে-কমিশন দাখিলকৃত প্রতিবেদন বাস্তবায়নে এই কমিটিকে সুপারিশ দিতে বলা হয়েছে।
আপিল বিভাগের বিচারপতি নাজমুন আরা সুলতানাকে চেয়ারম্যান করে ২০১৪ সালের ২১ ডিসেম্বর বিচার বিভাগের জন্য নতুন পে-কমিশন গঠন করে সরকার।
গত বছরের মাঝামাঝি এই কমিশন তাদের প্রতিবেদন সরকারের কাছে দাখিল করে।
শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, জনপ্রশাসন মন্ত্রী আশরাফুল ইসলাম এবং আইনমন্ত্রী আনিসুল হককে মন্ত্রিসভা কমিটির সদস্য করা হয়েছে।
খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম, প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম, শ্রম প্রতিমন্ত্রী মো. মুজিবুল হক চুন্নু এবং জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেককেও এই কমিটিতে রাখা হয়েছে।
আদেশে বলা হয়েছে, কমিটি প্রয়োজনে অন্য কাউকে এই কমিটিতে অন্তর্ভূক্ত করতে পারবে। অর্থ বিভাগ এই কমিটিকে সাচিবিক সহায়তা দেবে।
