২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্বজিৎ হত্যা: আসামি কিবরিয়ার জামিন স্থগিতই থাকছে

আলোচিত বিশ্বজিৎ দাস হত্যা মামলায় নিম্ন আদালতে যাবজ্জবীন কারাদণ্ডপ্রাপ্ত আসামি এ এইচ এম কিবরিয়ার জামিন স্থগিতের আদেশ আপিল বিভাগেও বহাল রাখা হয়েছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Feb 2016, 01:38 PM

Updated : 20 Aug 2022, 11:53 AM

হাই কোর্ট থেকে কিবরিয়াকে দেওয়া জামিনের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা আবেদনের নিষ্পত্তি করে বৃহস্পতিবার প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বাধীন পাঁচ সদস্যের বেঞ্চ চেম্বার বিচারপতির দেওয়া জামিন স্থগিতের আদেশই বহাল রাখে।

আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল খোন্দকার দিলীরুজ্জামান। কিবরিয়ার পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী ইউসুফ হোসেন হুমায়ুন ও এ এম আমিন উদ্দিন।  

বিএনপি নেতৃত্বাধীন জোটের অবরোধের মধ্যে ২০১২ সালের ৯ ডিসেম্বর পুরান ঢাকার বাহাদুর শাহ পার্কের কাছে একটি মিছিল থেকে কুপিয়ে ও পিটিয়ে পুরান ঢাকার দর্জি বিশ্বজিৎ দাশকে হত্যা করা হয়।

আলোচিত ওই হত্যা মামলার রায়ে ২০১৩ সালের ১২ ডিসেম্বর আট আসামিকে ফাঁসি ও ১৩ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেয় ঢাকার একটি দ্রুত বিচার ট্রাইব্যুনাল।

ফাঁসির আদেশ পাওয়া আট আসামি হলেন- রফিকুল ইসলাম শাকিল, মাহফুজুর রহমান নাহিদ, এমদাদুল হক এমদাদ, জি এম রাশেদুজ্জামান শাওন, সাইফুল ইসলাম, কাইয়ুম মিঞা, রাজন তালুকদার  ও মীর নূরে আলম লিমন। এদের মধ্যে শেষ দুই জন পলাতক রয়েছেন।

আর যাবজ্জীবন কারাদণ্ড পেয়েছেন- গোলাম মোস্তফা,  এ এইচ এম কিবরিয়া, ইউনুস আলী, তারিক বিন জোহর তমাল, আলাউদ্দিন, ওবায়দুর কাদের তাহসিন, ইমরান হোসেন, আজিজুর রহমান, আল-আমিন, রফিকুল ইসলাম, মনিরুল হক পাভেল, কামরুল হাসান ও মোশাররফ হোসেন।

রাষ্ট্রপক্ষ জানায়, বিচারিক আদালতের রায়ের পর হাই কোর্টে আপিল করে কিবরিয়া জামিন চান। ৩ ফেব্রুয়ারি হাই কোর্ট তার জামিন মঞ্জুর করে।

এর বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ চেম্বার আদালতে গেলে বিচারক গত ১৪ ফেব্রুয়ারি হাই কোর্টের আদেশ স্থগিত করে বিষয়টি নিয়মিত বেঞ্চে শুনানির জন্য পাঠান। এর ধারাবাহিকতায় বৃহস্পতিবার বিষয়টি আপিল বিভাগে শুনানির জন্য আসে।

দিলীরুজ্জামান জানান, ২০১২ সালের ১৪ ডিসেম্বর কিবরিয়াকে গ্রেপ্তারের পর তদন্তে দেখা যায়, হত্যাকাণ্ডের সময় তিনি ঘটনাস্থলে ছিলেন। আসামিদের মধ্যে চারজনের জবানবন্দিতেও কিবরিয়ার সম্পৃক্ততার বিষয়টি এসেছে।

“নিম্ন আদালতের রায়ে দোষী সাব্যস্ত করে কিবরিয়াকে দণ্ড দেওয়া হয়েছে। এসব যুক্তিতে জামিন স্থগিত চেয়ে  আমাদের আবেদনটি করা হয়। আপিল বিভাগ চেম্বার বিচারপতির দেওয়া আদেশ বহাল রেখেছে।”