২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিচার বিভাগকে কটাক্ষ করবেন না: প্রধান বিচারপতি

সাম্প্রতিক কয়েকটি ঘটনায় তুমুল আলোচনার প্রেক্ষাপটে বিচার বিভাগ নিয়ে কটাক্ষ না করতে সবার প্রতি বিশেষ করে রাজনীতিকদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান বিচারপতি এস কে সিনহা।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Feb 2016, 10:27 PM

Updated : 11 Oct 2022, 07:47 PM

কোনো রাজনৈতিক দলের প্রতি বিচার বিভাগ ‘পক্ষপাত’ নিয়ে কথা শুনতে হওয়ায় হতাশা প্রকাশ করে তিনি বলেন, “প্রধান বিচারপতি হিসেবে আমাকে খুবই কষ্ট পেতে হয়, যখন বিচার বিভাগ নিয়ে কিছু রাজনৈতিক দলের লোক কথা বলে।

“আজকে অনেকে কথা বলে। তারা মামলায় জড়িত হতে পারে, কিন্তু আমরা বিচার বিভাগ কোনোদিন পক্ষপাতিত্ব করিনি, আমরা জামিন দিয়েছি। এরপরও কিন্তু আমাদের কটাক্ষ করা হয়। খুবই কষ্ট পেতে হয়-এসব কথা শুনে।”

বিচার বিভাগের স্বাধীনতা ও আইনের শাসন থাকলেই গণতন্ত্র থাকবে, বুধবার এক আলোচনা সভায় সমালোচকদের তাও স্মরণ করিয়ে দেন বিচারপতি এস কে সিনহা।

অবসরের পর রায় লেখা সংবিধান পরিপন্থি- সম্প্রতি প্রধান বিচারপতির এই মত প্রকাশ এবং অবসরে যাওয়া বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরীকে নিয়ে সৃষ্ট ঘটনায় বিচারাঙ্গনের বিতর্ক রাজনৈতিক অঙ্গনেও বিস্তৃত হয়।

Image
বিচারপতি এসকে সিনহা (ফাইল ছবি)

বিচারপতি এসকে সিনহা (ফাইল ছবি)

এছাড়া বিচার বিভাগের স্বাধীনতা কেড়ে নেওয়ার চেষ্টা হচ্ছে বলে প্রধান বিচারপতি আরেকটি অনুষ্ঠানে বলার পর তার সমালোচনাও ওঠে রাজনৈতিক মহল থেকে।

সুপ্রিম কোর্টের আইনজীবী প্রয়াত শওকত আলী খানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণ সভায় বক্তব্যে প্রধান বিচারপতি বলেন, “আজকে আমরা ডেমোক্রেসির কথা বলি, বলা হয় ডেমোক্রেসি নেই। আমি বলব দেশে যদি আইনের শাসন থাকে, এ বিচার বিভাগ যদি স্বাধীন থাকে, তাহলে ডেমোক্রেসি থাকবে।”

বাংলাদেশকে সামরিক শাসনের কলুষমুক্ত করতে বিচার বিভাগের ভূমিকাও তুলে ধরেন তিনি। 

“আজ পযন্ত বিচার বিভাগ কোনোদিন নৈতিকতা হারায়নি। এদেশে যখন অপরাধ করেছে আইন করে সে অপরাধীদের .. করা হয়নি, ইনডেমনিটি অডিন্যান্স এ বিচার বিভাগ বাতিল করেছে। এ অপরাধীদেরকে বিচার করেছে। ৭২ সালের সংবিধান এটাকে মার্শা ল’র সময়ে কয়েকবার ছিন্ন ভিন্ন করা হয়েছে। এই বিচার বিভাগই সংবিধানকে আগের জায়গায় নিয়ে আসছে।”

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির মিলনায়তনে এই অনুষ্ঠানে বক্তব্যে শওকত আলী খানের জীবনাচরণ তুলে ধরে তার রাজনৈতিক সত্ত্বা ও আইনজীবী সত্ত্বা আলাদা রাখার বিষয়টির উপরও আলোকপাত করেন বিচারপতি সিনহা। 

“শওকত আলী খান রাজনীতি করতেন। উনি আওয়ামী লীগ করতেন, কিন্তু উনার রাজনীতি আইনজীবী হিসেবে প্রতিফলিত হয়নি।”

বর্তমান চিত্র তুলে ধরে তিনি বলেন, “এখন আমরা যে বার পাই, সেটা শার্পলি ডিভাইডেড। যখন কোনো ইস্যু হয়, তখন কিন্তু আইনজীবীরা সে বিচার বিভাগকে কটাক্ষ করতে দ্বিধাবোধ করেন না। এটা খুব কষ্ট লাগে। এ বিচার বিভাগ আপনাদের, চিন্তা করতে হবে।”

“আমি আশা রাখব, আপনারা যারা রাজনীতি করেন, তারা রাজনীতি করেন, কিন্তু এ বিচার বিভাগকে কটাক্ষ করে কোনো বক্তব্য দেবেন না,” আইনজীবীদের উদ্দেশে বলেন প্রধান বিচারপতি।

সংবাদ মাধ্যমকে সচেতন থাকার আহ্বান 

বিচার বিভাগের মান যেন ক্ষুণ্ন না হয়, সেদিকে সজাগ থাকতে সংবাদ মাধ্যমের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান বিচারপতি এস কে সিনহা। 

“সংবাদ মাধ্যমগুলো, এটা কিন্তু কোনো ব্যবসা না। সংবাদ মাধ্যমে যারা কাজ করেন, এটা একটা পেশা। আমরা কিন্তু এখন সংবাদ মাধ্যমকে দেখে যাচ্ছি একটা ব্যবসা হিসেবে। এটা খুবই দুঃখজনক।”

যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের গণমাধ্যমের দুটি আচরণ উদাহরণ হিসেবে বাংলাদেশের সাংবাদিকদের সামনে তুলে ধরেন বিচারপতি সিনহা। 

“যুক্তরাষ্ট্রের অন্যতম সফল প্রেসিডেন্ট ছিল রুজভেল্ট। অনেকেই জানতেন না যে উনি পোলিও রোগী ছিলেন। উনি যতদিন রাষ্ট্রপতি ছিলেন আমেরিকার, তাকে কোনো মিডিয়া হাঁটার সময় ক্যাচ করেনি, কোনো সংবাদ মাধ্যম তার ছবি প্রকাশ করে নাই। তখন বলা হল কেন? বলা হল নৈতিকতার প্রশ্ন।”

“সংবাদ মাধ্যম তাদের নৈতিকতা যে মার্কিন যুক্তরাষ্ট্রের মতো একটি দেশের রাষ্ট্রপতি তার শরীরের সাময়িক যে অপারগতা, এটাকে আমরা হীন করব না। তার কর্তব্য ও তার ভালো দিকগুলো আমরা তুলে ধরব।”

একইভাবে যুক্তরাজ্যে ষাটের দশকে হ্যারল্ড উইলসন প্রধানমন্ত্রী থাকার সময় উপপ্রধানমন্ত্রী জর্জ ব্রাউনের মাতাল অবস্থার ছবি প্রকাশ না করার কথাও বলেন বিচারপতি সিনহা।

“তিন দিন পরে টাইম ম্যাগাজিনের সম্পাদকীয়তে লেখা হল; বলা হল, আমরা নৈতিকতার জন্য এই সংবাদ প্রকাশ করিনি।”

“এখন আমার প্রশ্ন হল, আমরা যদি, এই বিচার বিভাগ, আজকে যদি জনগণের বিচার করতে গিয়ে সংবাদপত্র ও সংবাদকর্মীর পিছনে যদি কনটেম্পট প্রসেডিং বা এইগুলোতে সময় নষ্ট করি, তাহলে লক্ষ লক্ষ মামলা আমরা কীভাবে করব,” বলেন প্রধান বিচারপতি।

তিনি বলেন, “বিচার বিভাগের মান যাতে অক্ষুণ্ন থাকে, আমি সবার কাছে এই আবেদন জানাচ্ছি।”

বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান আবদুল বাসেত মজুমদারের সভাপতিত্বে এই স্মরণসভায় আপিল বিভাগের বিচারপতি মো. আবদুল ওয়াহহাব মিঞা, অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, সাবেক স্পিকার মুহাম্মদ জমিরউদ্দিন সরকার, সাবেক অ্যাটর্নি জেনারেল এ এফ হাসান আরিফ, আইনজীবী ইউসুফ হোসেন হুমায়ুন, সাবেক বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সম্পাদক বশির আহমেদ, শ ম রেজাউল করিম বক্তব্য দেন।

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ব্যারিস্টার শওকত আলী খানের দৌহিত্র ব্যারিস্টার রেহান হোসেন এবং সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার এম আশরাফুল ইসলাম।