২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাম্রাজ্যবাদ-সাম্প্রদায়িকতার বিরুদ্ধে উদীচীর সম্মেলন

সাম্রাজ্যবাদ ও সাম্প্রদায়িকতা এই দুইয়ের বিরুদ্ধে একইসঙ্গে নিরবচ্ছিন্ন সংগ্রাম অব্যাহত রাখতে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী তিন দিনব্যাপী আঞ্চলিক সম্মেলন করতে যাচ্ছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Feb 2016, 09:44 PM

Updated : 20 Aug 2022, 11:52 AM

বুধবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে ‘সাম্রাজ্যবাদ ও সাম্প্রদায়িকতাবিরোধী দক্ষিণ এশীয় সাংস্কৃতিক কনভেনশন’ এর বিস্তারিত তুলে ধরা হয়।

আগামী ১৯, ২০ ও ২১ ফেব্রুয়ারি এই সম্মেলন হবে। ১৯ ফেব্রুয়ারি বিকালে শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে সম্মেলন উদ্বোধন করবেন জসিম উদ্দিন মণ্ডল, কামাক্ষ্যা রায় চৌধুরী ও অধ্যাপক যতীন সরকার।

অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন সংস্কৃতি বিষয়কমন্ত্রী আসাদুজ্জামান নূর।

উদীচীর সাধারণ সম্পাদক প্রবীব সরদার বলেন, সম্মেলনে ভারত, নেপাল, শ্রীলংকা, আফগানিস্তান, জাপানসহ কয়েকটি দেশের প্রতিনিধিরা অংশ নেবেন।

“কনভেনশনে অংশগ্রহণকারীরা দক্ষিণ এশিয়ায় সাম্রাজ্যবাদ ও সাম্প্রদায়িকতাবিরোধী সাংস্কৃতিক সংগ্রামের ধরন ও নানা অভিজ্ঞতা বিনিময় করবেন।”

সম্মেলনের শেষ দিন প্রতিনিধিদের আলোচনা, মতামত ও সম্মতির ভিত্তিতে ‘ঢাকা ঘোষণা’ দেওয়া হবে বলে জানান তিনি।

উদীচীর সভাপতি কামাল লোহানীকে চেয়ারম্যান করে গঠিত সম্মেলন প্রস্তুতি কমিটি এই কর্মসূচি সফলে কাজ করছে।