২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রওশনদের ভারতের পার্লামেন্টে আমন্ত্রণ শ্রিংলার

জাতীয় পার্টির সংসদীয় দলকে ভারতের পার্লামেন্ট পরিদর্শনের আমন্ত্রণ জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার হর্ষবর্ধন শ্রিংলা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Feb 2016, 08:55 PM

Updated : 20 Aug 2022, 11:52 AM

বুধবার গুলশানে বিরোধীদলীয় নেতা রওশন এরশাদের বাসায় ‘সৌজন্য সাক্ষাতে’ গিয়ে এ আমন্ত্রণ জানান তিনি।

বিরোধীদলীয় নেতার কার্যালয় থেকে এক পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এসময় রওশন দুই পক্ষের সুবিধাজনক সময়ে সফরের আগ্রহ প্রকাশ করেন।

সংসদীয় গণতন্ত্রে বিরোধীদল কার্যকর ইতিবাচক রাজনৈতিক ধারা সূচনা করায় হাই কমিশনার ভারত সরকারের পক্ষে বিরোধীদলীয় নেতাকে ধন্যবাদ জানান।

রওশন বলেন, বাংলাদেশ-ভারতের সম্পর্ক অতীতের যে কোনো সময়ের তুলনায় এখন অনেক গভীর ও উন্নত।

বিরোধীদলীয় নেতা বলেন, বাংলাদেশ-ভারত সম্পর্ক শুধু ভালো বন্ধু ও প্রতিবেশীর নয় বরং বাংলাদেশ-ভারত একে অপরের উন্নয়ন অংশীদার। আর দু’দেশের পারস্পারিক সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ও যৌথ নেতৃত্বে এ অঞ্চলে শান্তি, স্থিতিশীলতা ও টেকসই উন্নয়ন নিশ্চিত করে জনসাধারণের জীবনমানের পরিবর্তন সম্ভব।

বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারতের অবদানের কথা স্মরণ করে রওশন বলেন, ভারত অতীতে বাংলাদেশের প্রতি বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছিল, তা ভবিষ্যতে আরও সম্প্রসারিত হবে।

শ্রিংলা বলেন, বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক বৃদ্ধিকে ভারত সবসময়ই সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আসছে। মুক্তিযুদ্ধে এ দেশকে ভারত যেভাবে সাহায্য-সহযোগিতা করেছিল বাংলাদেশের বর্তমান শান্তি ও উন্নয়নের ধারা অব্যাহত রাখতেও ভারত অঙ্গীকারাবদ্ধ।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিরোধীদলীয় নেতা ভারতকে বাংলাদেশে আরও বিনিয়োগের আহ্বান জানালে হাই কমিশনার বলেন, বাংলাদেশে শিল্প, বিদ্যুৎ ও জ্বালানি এবং অবকাঠামো উন্নয়নে ভারতের সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান আরও বেশি বিনিয়োগ করতে আগ্রহী।

বিরোধীদলীয় প্রধান হুইপ তাজুল ইসলাম চৌধুরী, ফখরুল ইমাম, জিয়াউদ্দিন বাবলু এসময় উপস্থিত ছিলেন।