২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

১৩টি বাইক ও প্রাইভেটকারসহ গ্রেপ্তার ৬

ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় অভিযান চালিয়ে ১৩টি মোটরসাইকেল ও একটি প্রাইভেটকারসহ ছয়জনকে গ্রেপ্তারের কথা জানিয়েছে গোয়েন্দা পুলিশ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Feb 2016, 11:19 AM

Updated : 11 Oct 2022, 07:47 PM

এরা হলেন- মো. জামাল, মো. আকবর আলী, কামরুজ্জামান ওরফে কামরুল, আনিসুর রহমান, মো. এমদাদ হোসেন ও পূর্ণমনি চাকমা।

ঢাকা মহানগর গোয়েন্দা ‍পুলিশের উপ-কমিশনার (উত্তর) শেখ নাজমুল আলম বুধবার এক সংবাদ সম্মেলনের জানান, আগের দিন ঢাকা, নারায়ণগঞ্জ ও খাগড়াছড়িতে অভিযান চালিয়ে ওই ছয়জনকে গ্রেপ্তার করা হয়।

সংবাদ সম্মেলনে জানানো হয়, গ্রেপ্তাররা সবাই একটি মোটরসাইকেল ছিনতাইকারী চক্রের সদস্য।

ছিনতাই কাজে ব্যবহৃত একটি প্রাইভেটকার, দুটি চাপাতি ও একটি লোহার পাইপও অভিযানে উদ্ধার করা হয় বলে নাজমুল আলম জানান।

তিনি বলেন, “গ্রেপ্তাররা জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে, প্রাইভেটকার দিয়ে বেরিক্যাড সৃষ্টি করে তারা ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে মোটরসাইকেল ছিনতাই করে আসছিল দীর্ঘদিন ধরে।”

ছিনতাই করা মোটরসাইকেলগুলো এমদাদের মাধ্যমে খাগড়াছড়ির পূর্ণমনি চাকমার কাছে বিক্রি  করা হতো বলে এই পুলিশ কর্মকর্তা জানান।