২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাহফুজ আনামের বিরুদ্ধে ১৩ মামলা, একটিতে গ্রেপ্তারি পরোয়ানা

জরুরি অবস্থার সময় যাচাই ছাড়া শেখ হাসিনার ‘দুর্নীতির’ খবর প্রকাশ করায় ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনামের বিরুদ্ধে মঙ্গলবার ১৩টি মামলা হওয়ার খবর পাওয়া গেছে, যার মধ্যে নারায়ণগঞ্জের একটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Feb 2016, 05:03 PM

Updated : 12 Apr 2022, 01:26 AM

এছাড়া আরও বেশ কয়েকটি মামলায় মাহফুজ আনামকে বিভিন্ন জেলা আদালতে তলব করা হয়েছে।

এদিন নারায়ণগঞ্জ ছাড়াও যশোর, বরিশাল, ঝালকাঠি, নরসিংদী, বাগেরহাট, মানিকগঞ্জ, কিশোরগঞ্জ, হবিগঞ্জ, সুনামগঞ্জ ও শেরপুরে মানহানি ও রাষ্ট্রদ্রোহের অভিযোগে মাহফুজ আনামের বিরুদ্ধে এসব মামলা হয়েছে।

সেনা নিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকারের সময় প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা ডিজিএফআই শেখ হাসিনার বিরুদ্ধে ‘দুর্নীতির খবর’ সরবরাহ করেছিল জানিয়ে গত ৬ ফেব্রুয়ারি এক টেলিভিশন আলোচনায় মাহফুজ আনাম বলেন, যাচাই না করে ডেইলি স্টারে তা প্রকাশ করা ছিল ‘বিরাট ভুল’।

ওই সময় দেশের শীর্ষ রাজনীতিবিদদের বিরুদ্ধে দুর্নীতির অসংখ্য মামলা হয়, বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াসহ বহু রাজনীতিবিদকে গ্রেপ্তার করা হয়।

মাহফুজ আনামের এই স্বীকারোক্তির পর ঢাকাসহ বিভিন্ন এলাকায় তার বিরুদ্ধে আদালতে মামলা করা শুরু হয়। সোমবার পর্যন্ত মামলা হয়েছে প্রায় তিন ডজন।

জেলা প্রতিনিধিদের পাঠানো খবরে মঙ্গলবারের মামলা:

নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সাইদুজ্জামান শরীফের আদালতে মাহফুজ আনামের বিরুদ্ধে মানহানির মামলাটি করেছেন জেলা আইনজীবী সমিতির যুগ্ম সম্পাদক মুহাম্মদ মহসীন মিঞা।

দুপুরে মামলায় শুনানি নিয়ে বিচারক মাহফুজ আনামের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন বলে পাবলিক প্রসিকিউটর ওয়াজেদ আলী খোকন জানিয়েছেন।

ডেইলি স্টার সম্পাদক শেখ হাসিনাকে জড়িয়ে মিথ্যা, বানোয়াট ও বিভ্রান্তিমূলক সংবাদ পরিবেশন করে বাদী ও তার সংগঠনের ১০ কোটি টাকার মানহানি ঘটিয়েছেন বলে মামলায় অভিযোগ করা হয়েছে।

বরিশাল

বরিশাল মুখ্য মহানগর হাকিম আদালতে মঙ্গলবার আইনজীবী রফিকুল ইসলাম খোকন ও আইনজীবী কাইয়ুম খান কায়সার মামলা দুটি দায়ের করেন।

দুই মামলাই আমলে নিয়ে ডেইলি স্টার সম্পাদকের বিরুদ্ধ সমন জারি করা হয়।

মুখ্য মহানগর হাকিম মুহাম্মদ আলী হায়দার দুপুরে রফিকুল ইসলাম খোকনের মামলার শুনানি নিয়ে ২০ মার্চ মাহফুজ আনামকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেন।

কাইয়ুম খান কায়সারের মামলায় একই মাসের ২৯ তারিখ আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন মহানগর হাকিম মো. রফিকুল ইসলাম।

যশোর

যশোরের চৌগাছা উপজেলা আওয়ামী লীগের সভাপতি শাহজাহান কবির এবং জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বিপুল মঙ্গলবার সকালে মাহফুজ আনামের বিরুদ্ধে মানহানি ও রাষ্ট্রদ্রোহের অভিযোগে মামলা দুটি দায়ের করেন।

সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শাহজাহান আলী এবং অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মৃত্যুঞ্জয় মিস্ত্রীর আদালতে তারা এসব মামলা করেন।

শাহজাহানের করা মামলায় ১০ কোটি টাকা ক্ষতিপূরণ চাওয়া হয়েছে। তার অভিযোগ আমলে নিয়ে বিচার ৬ মার্চ মাহফুজ আনামকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন বলে চৌগাছা উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক শাহনূর আলম শাহীন জানান।

অপরদিকে ছাত্রলীগ নেতা বিপুলের মামলাটি শুনানির অপেক্ষায় রাখা হয়েছে বলে তার আইনজীবী গাজী আব্দুল কাদের জানিয়েছেন।

ঝালকাঠি

বনি আমিন বাকলাই নামের এক আইনজীবী বাদী হয়ে সকালে ঝালকাঠির সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি দায়ের করেন। এতে মাহফুজ আনামের বিরুদ্ধে পাঁচ কোটি টাকার মানহানির অভিযোগ আনা হয়েছে।

বিচারক মো. শফিকুল করিম বিকালে শুনানি গ্রহণ করে মামলাটি আমলে নিয়ে জেলা তথ্য কর্মকর্তাকে তদন্ত করে আগামী ২৩ ফেব্রুয়ারির মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।

বাগেরহাট

দুপুরে বাগেরহাট জেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. মনির হোসেন জ্যেষ্ঠ বিচারিক হাকিম মো. জাহিদুল আজাদের আদালতে ১০ হাজার কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে মামলা করেন।

মামলায় জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাহিয়ান আল সুলতান ওশানসহ আট নেতাকে সাক্ষী করা হয়েছে।

বিচারক মামলাটি গ্রহণ করলেও কোনো আদেশ দেননি বলে জানিয়েছেন বাদীপক্ষের আইনজীবী একে আজাদ ফিরোজ টিপু।

মামলা দায়েরের পর জেলা ছাত্রলীগ শহরে একটি বিক্ষোভ মিছিল করে।

মানিকগঞ্জ

ডেইলি স্টার সম্পাদকের বিরুদ্ধে মানিকগঞ্জের জ্যেষ্ঠ বিচারিক হাকিমের আদালতে পাঁচ কোটি টাকার মানহানির মামলার বাদী জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক বাদরুল ইসলাম খান।

বাদীর আইনজীবী আবদুল জানান, বিচারক মো. আবদুল হাই মামলা আমলে নিয়ে সদর থানার ওসিকে অভিযোগ তদন্ত করে আগামী ২০ মার্চ প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।

কিশোরগঞ্জ

কিশোরগঞ্জের এক নম্বর আমলী আদালতে দণ্ডবিধির ১২৩(ক), ১২৪(ক)/৫০০ ও ৫০১ ধারায় করা মামলায় মাহফুজ আনামের বিরুদ্ধে মানহানি ও রাষ্ট্রদ্রোহের অভিযোগ আনা হয়েছে।

মামলার বাদী জেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি মো. হেলালুজ্জামান হেলাল।

মামলা আমলে নিয়ে বিচারক জ্যেষ্ঠ বিচারিক হাকিম আলাউল আকবর অভিযোগে উল্লেখিত প্রকাশিত সংবাদের কপি আগামী ৯ মার্চ আদালতে দাখিলের নির্দেশ দিয়েছেন।

মামলায় মোট পাঁচজনকে সাক্ষী করা হয়েছে।

নরসিংদী

নরসিংদীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. ফেরদৌস ওয়াহিদের আদালতে মামলাটি দায়ের করেছেন জেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক আল আমিন ভুইয়া।

শুনানি নিয়ে ২৭ মার্চ মাহফুজ আনামকে আদালতে হাজির হওয়ার সমন জারির নির্দেশ দিয়েছেন বিচারক।

হবিগঞ্জ

হবিগঞ্জের সিনিয়র জুডিসিয়াল নিশাত সুলতানার আদালতে কৃষকলীগের সাধারণ সম্পাদক মোক্তার হোসেন বেনুর করা মামলায় কোটি টাকা ক্ষতিপূরণ চাওয়া হয়েছে। এর সঙ্গে মাহফুজ আনামের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগও করা হয়েছে।

বিচারক মামলা আমলে নিয়ে সদর থানার ওসিকে তদন্ত করে প্রতিবেদন আগামী ১৮ এপ্রিল আদালতে দাখিলের নির্দেশ দেন।

সুনামগঞ্জ

সুনামগঞ্জে মাহফুজ আনামের বিরুদ্ধে আরেকটি শতকোটি টাকার মানহানির মামলা হয়েছে, যার বাদী জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ফারুক আহমেদ সুজন।

জেলা আমলী আদালতের বিচারক শহিদুল আমিন মামলা গ্রহণ করে পুলিশকে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন বলে বাদীর আইনজীবী মো. জুয়েল মিয়া জানিয়েছেন।

শেরপুর

শেরপুরে মুখ্য বিচারিক হাকিম মো. সাইফুর রহমানের আদালতে রাষ্ট্রদ্রোহের অভিযোগে দণ্ডবিধির ১২৩(ক)/১২৪(ক) ধারায় মামলা করেছেন জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মো. আনোয়ারুল হাসান উৎপল।

বিচারক স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন নিয়ে তদন্ত করে নিয়মিত মামলা হিসেবে গ্রহণ করতে জন্য সদর থানার ওসিকে নির্দেশ দিয়েছেন বলে পাবলিক প্রসিকিউটর চন্দন কুমার পাল জানিয়েছেন।

পুরনো খবর:

মাহফুজ আনামের বিরুদ্ধে আরও ১৩ মামলা