২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

অভিজিৎ হত্যা: এফবিআইয়ের পরীক্ষায় মিলেছে ডিএনএ নমুনা

লেখক অভিজিৎ রায় হত্যাকাণ্ডের যে ১১ আলামত পরীক্ষার জন্য যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআইকে দেওয়া হয়েছিল, সেখানে কিছু ডিএনএ নমুনা পাওয়া গেছে বলে জানিয়েছে বাংলাদেশের পুলিশ।   

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Feb 2016, 06:26 PM

Updated : 12 Apr 2022, 01:26 AM

পুলিশের অতিরিক্ত ডিআইজি মনিরুল ইসলাম জানিয়েছেন, অভিজিৎ হত্যায় এ পর্যন্ত যে আটজনকে গ্রেপ্তার করা হয়েছে, তাদের সঙ্গে ওই ডিএনএ নমুনা মিলিয়ে দেখা হবে।

হত্যায় ‘সরাসরি যুক্ত দুইজন’সহ তাদের সহযোগিতায় থাকা আরও পাঁচজনের কথা পুলিশ জানতে পারলেও এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি বলে জানান তিনি। 

সোমবার মহানগর পুলিশের গণমাধ্যম কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে মনিরুল বলেন, “এফবিআই স্বতঃপ্রণোদিত হয়ে স্বেচ্ছায় আমাদের সহযোগিতা করছে। ডিএনএ নমুনার বিষয়ে যে প্রতিবেদন তারা তৈরি করেছে, তার কপি শিগগিরই আমরা পাব।”

পুলিশ এ পর্যন্ত যে আটজনকে গ্রেপ্তার করেছে, তাদের মধ্যে কেউ হত্যায় সরাসরি অংশ নিয়েছিল কি না- তা তদন্ত করে দেখা হচ্ছে বলে জানান তিনি।

গতবছর ২৬ ফেব্রুয়ারি রাতে স্ত্রী রাফিদা আহমেদ বন্যাকে সঙ্গে নিয়ে একুশে বইমেলা থেকে বের হওয়ার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মোড়ের কাছে জঙ্গি কায়দায় হামলায় নিহত হন অভিজিৎ। বন্যার একটি আঙুল চাপাতির আঘাতে বিচ্ছিন্ন হয়ে যায়।

ওই হামলার পর টিএসসির ৫০ গজ উত্তরে ঘটনাস্থল থেকে দুটি চাপাতি ও একটি ব্যাগ আলামত হিসাবে সংগ্রহ করে পুলিশ। ল্যাপটপের ওই ব্যাগে কয়েকটি পত্রিকা ভাঁজ করা ছিল, যা চাপাতিগুলো মোড়ানোর কাজে ব্যবহার করা হয়েছিল বলে পুলিশের ধারণা। এছাড়া একটি জিন্স প্যান্ট ও কয়েকটি প্যারাসিটামল ট্যাবলেটও পাওয়া যায় ব্যাগের ভেতরে।

যুক্তরাষ্ট্র প্রবাসী অভিজিৎ প্রকৌশলী হিসেবে সেখানে কর্মরত ছিলেন। বইমেলার মাঝামাঝি স্ত্রীকে নিয়ে দেশে হামলায় নিহত হন তিনি।

এফবিআই এ হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে তদন্তে সহযোগিতার প্রস্তাব দিলে তাতে সাড়া দেয় বাংলাদেশ সরকার। এরপর এফবিআইয়ের একটি দল ঢাকায় এসে তদন্ত শুরু করে। দলের চার সদস্য ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ঘটনাস্থল পরিদর্শন করে এবং ছবি সংগ্রহ করে।

পরে আদালতের অনুমতি নিয়ে অভিজিৎ হত্যার আলামতগুলো পরীক্ষার জন্য এফবিআইয়ের ল্যাবরেটরিতে পাঠায় গোয়েন্দা পুলিশ। 

এদিকে কয়েক দফায় মোট আটজনকে অভিজিৎ হত্যা মামলায় গ্রেপ্তার দেখায় পুলিশ।   

এই আটজন হলেন- শফিউর রহমান ফারাবী, ব্রিটিশ নাগরিক তৌহিদুর রহমান, সাদেক আলী, আমিনুল মল্লিক, জুলহাস বিশ্বাস, আবুল বাশার, জাফরান হাসান ও মান্নান রাহী। এদের মধ্যে ফারাবী ছাড়া সবাই নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী বলে পুলিশ ও র‌্যাবের ভাষ্য। 

র‌্যাব কর্মকর্তাদের ধারণা, একুশে বই মেলায় অভিজিৎতকে হত্যায় মোট পাঁচ জনের একটি দল অংশ নেয়। তার আড়াই মাস পর ওই দলই সিলেটে ব্লগার অনন্ত বিজয় দাশকে হত্যা করে।