সিসিটির অপারেটর নিয়োগের প্রজ্ঞাপন দ্রুত করার সুপারিশ
চট্টগ্রাম কন্টেইনার টার্মিনালে (সিসিটি) দীর্ঘমেয়াদে অপারেটর নিয়োগের দরপত্র প্রকাশের আগে যোগ্যতা নির্ধারণ করে প্রজ্ঞাপন জারির কাজ দ্রুত শেষ করার সুপারিশ করেছে সংসদীয় কমিটি।
বৃহস্পতিবার সংসদ ভবনে নৌ-পরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয় বলে সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এতে বলা হয়, বৈঠক থেকে সিসিটিতে পরবর্তী দীর্ঘমেয়াদী টার্মিনাল অপারেটর নিয়োগ, টেন্ডারের আগে টার্মিনাল অপারেটর ও বার্থ অপারেটরের কার্যপরিধি ও যোগ্যতা নির্ধারণে প্রজ্ঞাপন জারি, সিসিটিতে দীর্ঘমেয়াদী ভিত্তিতে টেন্ডারের নথি প্রস্তুতকরণের কাজের অগ্রগতি দ্রুত শেষ করার সুপারিশ করা হয়।
এছাড়া চট্রগ্রাম বন্দরের বিভিন্ন ক্রয় সংক্রান্ত কাজ দ্রুত শেষ করার সুপারিশ করা হয়। চট্রগ্রাম বন্দরের কার্যক্রমকে বিস্তৃত করার কর্মসূচি নিয়ে পরবর্তী বৈঠকে আলোচনা করার সিদ্ধান্ত নেওয়া হয়।
বৈঠকে নিউমুরিং কন্টেইনার টার্মিনাল এর জন্য ‘জি টু জি পদ্ধতি’ অবলম্বন করে ইকুইপমেন্ট সরবরাহের অগ্রপতি, পুরাতন ইকুইমেন্টগুলো প্রস্তুতকারকদের কাছ থেকে প্রয়োজনীয় পার্টস ও সার্ভিস সংগ্রহ করে কাজের অগ্রগতি, বর্তমান কন্টেইনার হ্যান্ডলিং এর কাজও দ্রুততম সময়ে শেষ করার সুপারিশ করা হয়।
কমিটির সভাপতি রফিকুল ইসলাম বীর উত্তমের সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য নূরুল ইসলাম সুজন, এম আব্দুল লতিফ এবং মমতাজ বেগম অংশ নেন।
