প্রাথমিকে ঝরে পড়াদের অর্ধেকই চতুর্থ শ্রেণির
প্রাথমিক বিদ্যালয় থেকে গতবছর ঝরে যাওয়া শিশুদের অর্ধেকই স্কুল ছেড়েছে চতুর্থ শ্রেণিতে, যাদের মধ্যে ছাত্রদের পাল্লাই ভারী।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর পরিচালিত ২০১৫ সালের প্রাথমিক বিদ্যালয় জরিপের তথ্য বিশ্লেষণে এমন তথ্য উঠে এসেছে।
সরকারের বিভিন্ন উদ্যোগে পাঁচ বছরের ব্যবধানে প্রাথমিকে ঝরে পড়ার হার ১৯ দশমিক ৪ শতাংশ পয়েন্ট কমলেও শিগগির তা খুব বেশি কমবে না বলেই মনে করছেন প্রাথমিক শিক্ষা সংশ্লিষ্টরা।
জরিপের তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, গত বছর প্রাথমিকে ঝরেপড়া ২০ দশমিক ৪ শতাংশ শিশুর ১০ দশমিক ১ শতাংশ বা অর্ধেক ঝরেছে চতুর্থ শ্রেণিতে।
এছাড়া ১ দশমিক ৬ শতাংশ শিক্ষার্থী প্রথম শ্রেণিতে, ৩ দশমিক ২ শতাংশ দ্বিতীয় শ্রেণিতে, ৩ দশমিক ৪ শতাংশ তৃতীয় শ্রেণিতে এবং ২ দশমিক ১ শতাংশ শিক্ষার্থী পঞ্চম শ্রেণিতে ঝরে গেছে।
আর চতুর্থ শ্রেণিতে ঝরে পড়াদের ১১ দশমিক ৮ শতাংশ ছাত্র এবং ৮ দশমিক ৫ শতাংশ ছাত্রী।
বাংলাদেশে সরকারি-বেসরকারি এক লাখ ২২ হাজার ১৭৬টি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী সংখ্যা এক কোটি ১৯ লাখ ৬৭ হাজার ৭৬১ জন। গতবছর প্রাথমিকে শিশু ভর্তির হার ৯৭ দশমিক ৯৪ শতাংশ।
একই ক্লাসে থেকে যাওয়া বা ‘রিপিটেশনের’ কারণে চতুর্থ শ্রেণিতে গত বছর বেশি শিক্ষার্থী ঝরে গেছে বলে জানিয়েছেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক (পরিবীক্ষণ ও মূল্যায়ন) মো. সাবের হোসেন।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের জরিপটি সাবের হোসেনের তত্ত্বাবধানেই পরিচালিত হয়।
ফাইল ছবি
ফাইল ছবি
সাবের হোসেন মঙ্গলবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, একটু পাকাপোক্ত হয়ে পঞ্চম শ্রেণিতে ওঠার জন্য ২০১৫ সালে সব থেকে বেশি শিক্ষার্থী চতুর্থ শ্রেণিতে পুনরায় ভর্তি হয়।
একেক বছর একেক শ্রেণিতে বেশি শিক্ষার্থী ঝরে পড়ে জানিয়ে তিনি বলেন, “মূলত আর্থিক করণেই শিশুরা ঝরে পড়ছে। শিক্ষার্থীদের স্কুলে ধরে রাখতে বিনামূল্যে বই, দুপুরের খাবার ও উপবৃত্তি দেওয়া হচ্ছে।
“ঝরে পড়ার হার পাঁচ বছরের ব্যবধানে ১৯ দশমিক ৪ শতাংশ কমেছে, এই হার এখন একটু ধীরে ধীরে কমবে।”
ঝরে পড়াদের মধ্যে গতবছর গাইবান্ধা জেলায় সবচেয়ে বেশি, ৪৭ দশমিক ৩ শতাংশ শিশু ঝরেছে।
এছাড়া ভোলায় ৪৪ দশমিক ৬ শতাংশ, কক্সবাজারের ৩৭ দশমিক ৩ শতাংশ এবং ৩৪ দশমিক ৩ শতাংশ শিক্ষার্থী ঝরেছে লক্ষ্মীপুর জেলায়।
চট্টগ্রাম জেলার সব থেকে কম ৮ দশমিক ১ শতাংশ শিক্ষার্থী গত বছর প্রাথমিকে বিদ্যালয় ছেড়েছে।
ফাইল ছবি
প্রাথমিক বিদ্যালয়ের ৫ লাখ ২৭ হাজার ৭৯৮ জন শিক্ষকের মধ্যে ৩ লাখ ১৪ হাজার ২৯৯ জন নারী এবং ২ লাখ ১৩ হাজার ৪৯৯ জন পুরুষ।
এসব বিদ্যালয়ে ৩৬ জনের বেশি শিক্ষার্থীর জন্য একজন শিক্ষক রয়েছেন; প্রতিটি বিদ্যালয়ে গড় শিক্ষক সংখ্যা ৪ দশমিক ৩১ জন।
দারিদ্র্যের কারণে প্রাথমিকে শিশুরা ঝরে যাচ্ছে বলে মনে করেন প্রাথমিক ও গণশিক্ষা সচিব মো. হুমায়ুন খালিদ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “আয়ের জন্য অনেক পরিবারেই শিশুদের কাজে লাগানো হয়। তবে শিশুদের বিদ্যালয়ে ধরে রাখতে সরকারের বিভিন্ন উদ্যোগ অব্যাহত থাকবে।”
