২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘ব্লু ইকোনমি’র সম্ভাবনা কাজে লাগাতে নৌবাহিনীকে পরামর্শ রাষ্ট্রপতির

বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে ‘ব্লু ইকোনমি’র সম্ভাবনাকে কাজে লাগাতে নৌ বাহিনীকে পরামর্শ দিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Feb 2016, 05:57 PM

Updated : 20 Aug 2022, 11:44 AM

নতুন নৌ বাহিনী প্রধান ভাইস এডমিরাল নিজামউদ্দিন আহমেদ সোমবার বঙ্গভবনে সাক্ষাৎ করতে গেলে রাষ্ট্রপতি এ কথা বলেন।

রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, “ভারত ও মিয়ানমারের সঙ্গে সমুদ্র সীমা নিষ্পত্তির ফলে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের যে সুযোগ তৈরি হয়েছে। সেটিকে কাজে লাগাতে রাষ্ট্রপতি নৌ বাহিনীর প্রতি পরামর্শ দিয়েছেন।

“সাক্ষাতের সময় রাষ্ট্রপতি নদী, বিশেষ করে বুড়িগঙ্গার দূষণ রোধে প্রয়োজনীয় পদক্ষেপ নিতেও নৌ বাহিনীর প্রতি আহ্বান জানিয়েছেন”।

সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক আবদুল হামিদ এ সময় আশা করেন নৌ বাহিনীর উন্নয়নে নেওয়া বিভিন্ন পদক্ষেপ ভাইস এডমিরাল নিজামউদ্দিনের দায়িত্ব পালনকালে অব্যাহত থাকবে।

এসময় নতুন ভাইস এডমিরাল নিজামউদ্দিন তাকে নৌ বাহিনীর প্রধান নিযুক্ত করায় রাষ্ট্রপতির প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, সমুদ্র সম্পদের সদ্ব্যবহার করে নৌ বাহিনী দেশের উন্নয়নে কাজ করে যাবে।

দায়িত্ব পালনকালে তিনি রাষ্ট্রপতির সহযোগিতা চান বলেও জানান প্রেস সচিব।

রাষ্ট্রপতির কার্যালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।

পুরনো খবর:

নৌবাহিনীর নতুন প্রধান নিজামউদ্দিন আহমেদ