রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করছে গণসংহতি
রাজনৈতিক মঞ্চ থেকে পরিপূর্ণ রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছে গণসংহতি আন্দোলন।
বামপন্থি রাজনীতিক ও তাত্ত্বিক বদরুদ্দীন উমরের গণতান্ত্রিক বিপ্লবী জোট থেকে বেরিয়ে দেড় দশক আগে গণসংহতি আন্দোলন রাজনৈতিক মঞ্চ হিসেবে কাজ শুরু করে।
২০০২ সালে গণসংহতি গঠনের এই প্রক্রিয়ায় ছিল বাংলাদেশ ছাত্র ফেডারেশন, বাংলাদেশ বহুমুখী শ্রমজীবী হকার্স সমিতি, সূচনা অধ্যয়ন চক্র।
এরপর বিভিন্ন সময়ে আরও সংগঠন যুক্ত হয়ে মোট ১৭টি সংগঠন গণসংহতির ‘প্ল্যাটফর্মে’ যুক্ত হয় বলে দাবি করে এর প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেন, তারা এখন রাজনৈতিক দল হিসেবে যাত্রা শুরু করতে যাচ্ছেন।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষাভিত্তিক একটি রাষ্ট্র গঠনের সংগ্রামকে বেগবান করার জন্য, আগামীতে একে উচ্চতর রূপ দেওয়ার জন্য গণসংহতি আন্দোলন রাজনৈতিক দল হিসেবে যাত্রা শুরু করার সিদ্ধান্ত নিয়েছে।”
গণসংহতির কেন্দ্রীয় পরিচালনা কমিটির নির্বাহী সদস্য এবং বাংলাদেশ ছাত্র ফেডারেশন কেন্দ্রীয় কমিটির সভাপতি সৈকত মল্লিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আগামী ২৭,২৮ ও ২৯ মে জাতীয় প্রতিনিধি সম্মেলনে রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে।
“সম্মেলনের আগ পর্যন্ত সময়টুকু আমরা নিজেদের প্রস্তুতির জন্য ব্যয় করব। আমাদের টার্গেট সম্মেলনে ৫০ হাজার কর্মী সমর্থক জড়ো করা।”
এছাড়া ঘোষণাপত্র ও গঠনতন্ত্র চূড়ান্ত করার কাজ চলছে বলেও জানান সৈকত।
