২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

শিশু টুটুল হত্যা: দুলালের জামিন বাতিল, আত্মসমর্পণের নির্দেশ

কিশোরগঞ্জে শিশু শফিকুল হাসান টুটুলকে অপহরণ ও হত্যা মামলার আসামি দুলাল মিয়ার জামিন বাতিল করে এক সপ্তাহের মধ্যে তাকে নিম্ন আদালতে আত্মসমর্পণ করতে নির্দেশ দিয়েছে আপিল বিভাগ।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jan 2016, 10:07 PM

Updated : 12 Apr 2022, 01:19 AM

প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বাধীন চার সদস্যের বেঞ্চ রাষ্ট্রপক্ষের আবেদন নিষ্পত্তি করে রোববার এ আদেশ দেয়।

সাত দিনের মধ্যে আত্মসমর্পণ না করলে দুলালের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে সংশ্লিষ্ট আদালতকে নির্দেশ দেওয়া হয়েছে।

আদালতে রাষ্ট্রপক্ষে শুনানিতে অংশ নেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল খোন্দকার দিলীরুজ্জামান। দুলাল মিয়ার পক্ষে ছিলেন আইনজীবী ফজলুর রহমান ও উম্মে কুলসুম রেখা।

পরে ডেপুটি অ্যাটর্নি জেনারেল দিলীরুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আসামি দুলালের জামিন মঞ্জুর করে হাই কোর্টের দেওয়া আদেশ বাতিল করে আপিল বিভাগ ওই আদেশ দেয়।

মামলার নথি থেকে জানা যায়, কিশোরগঞ্জের চরকাউনা এলাকায় মেমোরিয়াল কিন্ডার গার্টেনের চতুর্থ শ্রেণির ছাত্র শফিকুল হাসান টুটুল (১২) ২০১৪ সালের ৮ অগাস্ট স্কুলে যাওয়ার পথে অপহৃত হয়। পরে তার মুক্তির জন্য ১০ লাখ টাকা দাবি করা হয়।

পরদিন টুটুলের বাবা কামাল উদ্দিন কিশোরগঞ্জ থানায় একটি মামলা করেন। পরে ছেলেটির লাশ উদ্ধার হয়। তারপর অপহরণের মামলাটি হত্যা মামলায় রূপান্তর হয়।

ওই বছরের ১১ ডিসেম্বর টুটুলদের পরিবারের ঘনিষ্ঠ প্রতিবেশী দুলাল মিয়াসহ চার জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেন তদন্ত কর্মকর্তা।

গত বছর মে মাসে দুলালের অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করে হাই কোর্ট। এর বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ জানুয়ারিতে লিভ টু আপিল করে, যার ওপর রোববার শুনানি হয়।