ব্যাংকপাড়ায় আরেকটি শিশু দিবাযত্ন কেন্দ্র
রাষ্ট্র মালিকানাধীন ব্যাংকের পর বেসরকারি ব্যাংকগুলোও তাদের নারীকর্মীদের সন্তানদের জন্য রাজধানীর ব্যাংকপাড়া বলে পরিচিত মতিঝিলে শিশু দিবাযত্ন কেন্দ্র চালু করেছে।
আল আমিন সেন্টারের পঞ্চম তলায় স্থাপিত ৫ হাজার ৬৬৬ বর্গফুটের এই শিশু দিবাযত্ন কেন্দ্রটি (ডে কেয়ার সেন্টার) রোববার উদ্বোধন করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান।
গত বছর একই ভবনের চতুর্থ তলায় রাষ্ট্র মালিকানাধীন ব্যাংকগুলো প্রায় সমান পরিসরের শিশু দিবাযত্ন কেন্দ্র চালু করে।
২০১৩ সালে কেন্দ্রীয় ব্যাংক ব্যাংকগুলোকে একক বা যৌথভাবে শিশু দিবাযত্ন কেন্দ্র স্থাপনের নির্দেশ দেয়। ব্যাংকগুলো তাদের সামাজিক দায়বদ্ধতা কর্মসূচির (সিএসআর) অংশ হিসাবে তা স্থাপন করতে পারবে।
বেসরকারি ২১টি ব্যাংক মিলে নতুন শিশু দিবাযত্ন কেন্দ্রটি স্থাপন করেছে। এই কেন্দ্রে ৬০ জন ৬ মাস থেকে ৬ বছর বয়সী শিশুকে রক্ষণাবেক্ষণের ব্যবস্থা রয়েছে।
এখানে শিশুকে রাখতে হলে মাসে শিশু প্রতি দুই হাজার টাকা দিতে হবে।
উদ্বোধনের পর ঘুরে দেখা যায়, এই দিবাযত্ন কেন্দ্রে যাওয়ার লিফট থেকে শুরু করে সবই রঙিন। লিফটের ফটক দেখে মনে হবে যেন কাঠবিড়ালী বসে আছে পেয়ারা গাছে বা বানর ঝুলছে। লিফট থেকে নেমেই দেখা যাবে প্রকাণ্ড এক জিরাফ।
এরপর শিশুদের খেলার ঘর। সেখানে গাড়ি, বেলুন, বল, টেডি বিয়ারসহ বিভিন্ন ধরনের খেলনা রয়েছে। রয়েছে লুকোচুরি খেলার কুঁড়েঘরও।
খেলাঘরের দেওয়ালে তাকালে মনে হবে সমুদ্র সৈকত। নীল জলে ভেসে বেড়াচ্ছে বিভিন্ন আকারের তিমি, ডলফিন আর কাঁকড়া।
তিনটি আলাদা ঘর রয়েছে শিশুদের ঘুমানোর জন্য। রঙিন বালিশ, কোল বালিশ ও তোষকে ঘরগুলো সাজানো। খাওয়ার জন্য রয়েছে আলাদা ঘর।
চারপাশে এত ফুলের মধ্যে ফুলের মতো শিশুরা থাকবে বলে আতিউর রহমান কেন্দ্রটির নাম দিয়েছেন ‘পুষ্পিতা’।
উদ্বোধন অনুষ্ঠানে কেন্দ্রটির পরিচালনার দায়িত্বে থাকা কমিটির আহ্বায়ক মির্জা ইলিয়াছ উদ্দিন আহমেদ বলেন, এখানে বর্তমানে ৬০ জন শিশুকে রাখার ব্যবস্থা রয়েছে। তবে এই কেন্দ্রে শিশু রাখার জন্য ইতোমধ্যে পৌনে তিনশ’ আবেদন এসেছে।
গভর্নর বলেন, “আমরা প্রায়ই শুনে থাকি অনেক চাকরীজীবী মা তার সন্তানের কথা ভেবে চাকরি ছেড়ে দিচ্ছেন। এটি খুবই পীড়াদায়ক। এভাবে কত শিক্ষিত মা যে ঝরে পড়ছেন, তার হিসাব নেই। ছোট শিশুদের জন্য রক্ষণাবেক্ষণের ব্যবস্থা নগরের সকল প্রতিষ্ঠানেই ডে কেয়ার সেন্টার থাকা জরুরি।
“এতে নারীকর্মীরা নিশ্চিন্তে কাজ করতে পারবেন। মায়েদের ছুটি নেওয়ার প্রবণতা কমবে। এতে ব্যাংক ও নারীকর্মী উভয়েই উপকৃত হবেন।”
