২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুলিশ নিয়ে মাহবুবের বক্তব্যের প্রতিবাদ

বিএনপি নেতা সাবেক লেফটেন্যান্ট জেনারেল মাহবুবুর রহমানের ‘পুলিশ কর্তৃত্ববাদী’ মন্তব্যের প্রতিবাদ করেছে বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jan 2016, 02:19 AM

Updated : 12 Apr 2022, 01:20 AM

অ্যসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও গাজীপুরের পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশিদ স্বাক্ষরিত একটি প্রতিবাদপত্র শনিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমে পাঠানো হয়েছে।

পুলিশ সপ্তাহের দ্বিতীয় দিনে গত ২৭ জানুয়ারি প্রধানমন্ত্রীর কার্যালয়ে এক অনুষ্ঠানে এ বাহিনীর মহাপরিদর্শক একেএম শহীদুল হক পুলিশের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে একটি আলাদা বিভাগ করার দাবি জানান।

এ দাবির পরিপ্রেক্ষিতে শুক্রবার এক আলোচনা সভায় সাবেক সেনা কর্মকর্তা মাহবুব বলেন, “আজকে আমি দেখি- পুলিশ চাইছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বাইরে থাকতে। তারা চায় পুলিশ ডিভিশন। তারা চায় ব্যাংক, তারা কতো কিছু চায়!”

একে ‘কর্তৃত্ববাদী মানসিকতার বহিঃপ্রকাশ’ বলে মন্তব্য করেন এই বিএনপি নেতা।

‘লে. জেনারেল (অব.) মাহবুবুর রহমানের এমন বক্তব্য বিভ্রান্তিকর, অযৌক্তিক, অপবাদমূলক এবং পুলিশবিদ্বেষী মানসিকতার বহিঃপ্রকাশ’ বলা হয়েছে এসপি হারুন স্বাক্ষরিত প্রতিবাদপত্রে।

পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন পক্ষ থেকে বলা হয়, “ব্যাংক বা শিক্ষা প্রতিষ্ঠান কোনো কর্তত্ববাদী ব্যবস্থা নয়। এগুলো জনসেবামূলক ও কল্যাণকর প্রতিষ্ঠান। বাংলাদেশ পুলিশের প্রায় এক লাখ ৭০ হাজার সদস্য রয়েছে, যারা দায়িত্ব ও কর্তব্য পালনকালেও হতাহত হন। মানবিক কারণে আহতদের চিকিৎসা এবং নিহতদের স্ত্রী-সন্তানদের পাশে দাঁড়ানো আবশ্যক।

“বাংলাদেশের প্রচলিত আইনের আওতায় পুলিশ ওই ব্যাংক ও মেডিকেল কলেজ প্রতিষ্ঠা এবং পরিচালনা করতে চায়। বাংলাদেশের বেশ কয়েকটি বাহিনী ব্যাংক ও শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা করছে। বাংলাদেশ পুলিশও বহুসংখ্যক স্কুল, কলেজ সাফল্যের সাথে পরিচালনা করে আসছে।”

“ব্যাংক পরিচালনা, মেডিকেল কলেজ প্রতিষ্ঠার সাথে অগণতান্ত্রিক ও কর্তৃত্ববাদীতার কোনো সম্পর্ক আছে কি না সেটা যে কোনো সচেতন মানুষ সহজেই বুঝতে পারেন। তিনি জনমনে উদ্দেশ্যমূলকভাবে বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা করছেন,” বলা হয়েছে প্রতিবাদপত্রে।

পুরনো খবর:

পুলিশ কতো কিছু চায়: মাহবুব