২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ডেমরায় প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১

রাজধানীর ডেমরা থানা এলাকায় বুদ্ধিপ্রতিবন্ধী এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে এক ট্রাকচালককে গ্রেপ্তার করেছে পুলিশ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jan 2016, 01:55 AM

Updated : 20 Aug 2022, 11:44 AM

গ্রেপ্তার নজরুল ইসলাম (২৬) ওই কিশোরীর বড় ভাইয়ের সঙ্গে সম্পর্ক থেকে তাদের বাসায় যাতায়াত করত বলে পুলিশ জানিয়েছে।

ডেমরা থানার উপ-পরিদর্শক আব্দুল কুদ্দুস জানান, শনিবার বিকালে ডেমরা থানা এলাকার ভূঁইয়া জামে মসজিদ সংলগ্ন একটি বাসা থেকে নজরুলকে গ্রেপ্তার করা হয়।

“একই এলাকার একটি বাসায় ভাড়া থাকতেন ওই কিশোরী ও তার পরিবার। তার বাবা পেশায় নাইটগার্ড। বড় ভাইয়ের সঙ্গে নজরুলের পূর্ব পরিচয়ের কারণে নজরুল প্রায়ই রাতে তাদের বাসায় থাকত।”

কিশোরীর পরিবারের বরাত দিয়ে তিনি বলেন, “নজরুল গত ২৩ জানুয়ারি ওই কিশোরীকে ধর্ষণ করার পর ঘটনাটি কাউকে না জানাতে তাকে ভয়ভীতি দেখান। দুদিন পর মেয়েটি অসুস্থ হলে তার পরিবারের সদস্যদের পুরো ঘটনা জানান।”

কিশোরীর পরিবারের অভিযোগের ভিত্তিতে নজরুলকে গ্রেপ্তারের পর ওই কিশোরীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে।