বঙ্গভবনে নৈশভোজে প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান বিচারপতি
বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে নৈশভোজে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যাতে প্রধান বিচারপতি এস কে সিনহাও ছিলেন।
বৃহস্পতিবার রাতে একই সময় বঙ্গভবনে ছিলেন আইনমন্ত্রী আনিসুল হক ও অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমও।
প্রধানমন্ত্রীকে সন্ধ্যা ৭টার পরপরই বঙ্গভবনে ঢুকতে দেখা যায়। আইনমন্ত্রী তার আগেই ঢোকেন বঙ্গভবনে।
রাত ১০টার দিকে প্রধানমন্ত্রীর গাড়িবহরকে বের হতে দেখা গেছে।
অবসরের পর রায় লেখা নিয়ে প্রধান বিচারপতির এক মন্তব্য ঘিরে রাজনৈতিক অঙ্গনে আলোচনার মধ্যে রাষ্ট্রপ্রধানের বাড়িতে এক হলেন সরকার প্রধান ও বিচারাঙ্গন সংশ্লিষ্ট শীর্ষ কর্মকর্তারা।
এই বিষয়ে রাষ্ট্রপতির কার্যালয় কিংবা প্রধানমন্ত্রীর কার্যালয়ের পক্ষ থেকে কিছুই জানানো হয়নি সাংবাদিকদের।
আনিসুল হকের সঙ্গে রাতে যোগাযোগ করা হলে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “নৈশভোজের আমন্ত্রণে আমরা বঙ্গভবনে গিয়েছিলাম। এতে অন্য কিছু ছিল না।”
অ্যাটর্নি জেনারেলও একই কথা বলেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে।
